সাভারে মাদক উদ্ধারের ঘটনায় অবশেষে মামলা
সাভারে মাদক উদ্ধারের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। সাভার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির গতকাল মঙ্গলবার এ মামলা করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
এজাহারে এএসআই হুমায়ুন উল্লেখ করেন, মাদক বিক্রির খবর পেয়ে গত সোমবার রাতে তিনি সাভারের নিমেরটেক এলাকায় অভিযান চালিয়ে শিপন নামের একজনকে গ্রেপ্তার করেন। এ সময় আতাবর, মোতালেব ও হাসনা বেগম নামেন অন্য তিনজন পালিয়ে যান। পরে শিপনের শরীর তল্লাশি করে ১৩ পুরিয়া হেরোইন পাওয়া যায়।
এর আগে সোমবার সকালে শিপন গ্রেপ্তার হওয়ার পর এএসআই হুমায়ুন কবির বলেছিলেন, তাঁর কাছে গাঁজা ও হেরোইন পাওয়া গেছে। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের কাছে হেরোইনের বিষয়টি গোপন রাখেন তিনি। এ ছাড়া ওই আদালতে পাঠানো প্রতিবেদনে শিপনের বয়স দেখানো হয় ২০ বছর। আর সাভার মডেল থানায় দায়ের করা মামলায় তাঁর বয়স দেখানো হয় ১৫ বছর। জব্দ তালিকায় দুই ঘটনারই সাক্ষী হিসেবে সাভারের হেমায়েতপুরের মো. মামুনসহ দুজনকে দেখানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মোল্লা বলেন, মামলা করার পর গতকাল শিপনকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালতে শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, এসআই হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।