সাভারে যুবককে পিটিয়ে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে এরশাদুজ্জামান ওরফে রুবেল নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার গভীর রাতে উপজেলার ভরারী গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ বাড়ির মালিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মিজান, লিটন, মইনুল ও আরিফ নামের চার যুবক গ্রামের আসলাম মিয়ার বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করছেন। সপ্তাহ খানেক আগে লিটন ও মইনুল ওই কক্ষে অনৈতিক কাজে লিপ্ত হন। তখন খবর পেয়ে এরশাদুজ্জামান ওই বাড়িতে যান। এ সময় তিনি তাঁদের পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। পরে তাঁরা তাঁকে তিন হাজার টাকা দিয়ে বিদায় দেন।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসলাম মিয়া বলেন, মিজান, লিটন, আরিফ ও মইনুল গত সোমবার কারখানা থেকে বেতন পান। খবর পেয়ে এরশাদুজ্জামান সোমবার গভীর রাতে ওই বাড়িতে গিয়ে চার যুবককে ঘুম থেকে ডেকে তোলেন। বিষয়টি আঁচ করতে পেরে তিনিও (আসলাম) তাঁর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন। এরপর এরশাদুজ্জামান তাঁর (আসলাম) সামনেই তাঁদের (চার যুবক) কাছে আরও টাকা দাবি করেন। এ সময় উত্তেজিত হয়ে মারধরের পর লিটন রড দিয়ে এরশাদুজ্জামানের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তিনি(আসলাম) এরশাদুজ্জামানকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত এরশাদুজ্জামানের বাবা সাদেক আলী গতকাল মঙ্গলবার সাভার মডেল থানায় হত্যা মামলা করেছেন। এতে বাড়ির মালিক ও চার যুবককে আসামি করা হয়েছে। পরে আসলাম মিয়া ও আরিফকে পুলিশ গ্রেপ্তার করে।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, এরশাদুজ্জামান মাদক ব্যবসায়ী ও বখাটে প্রকৃতির। ভয়ভীতির মুখে টাকা আদায় করতে গিয়ে এ ঘটনা ঘটে।