সাভারে যুবলীগ কর্মী খুন
ঢাকার সাভারে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে হামলার ঘটনায় টেঁটাবিদ্ধ হয়ে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। পৌর এলাকার ভাটপাড়া মহল্লায় গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সি এম বাদশা ফয়সাল (৩৫) সাভারের ইমান্দিপুর এলাকার বাসিন্দা। তিনি সাভার থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
সাভার মডেল থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা গেছে, ভাটপাড়া মহল্লার ৪০ শতাংশ জমি নিয়ে জামসিং এলাকার ফেলু মিয়ার সঙ্গে পাশের টেউটি এলাকার আব্দুল কাদেরসহ আরও কয়েকজনের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে মামলাও হয়েছে। ফয়সাল ও কয়েকজন সহযোগীকে নিয়ে কাদের গতকাল বেলা ১১টার দিকে ওই জমি দখল করে কাঁটাতারের বেড়া দিচ্ছিলেন। বেলা দেড়টার দিকে ফেলু মিয়ার ছেলে শাজাহান মিয়া তাঁর চার ভাই ও লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফয়সাল ও কাদেরকে ধাওয়া করেন। এ সময় টেঁটার আঘাতে ফয়সাল আহত হন। আশঙ্কাজন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফয়সালের সহযোগী আসাদুল বলেন, শাজাহান টেঁটাসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁরা দৌড়ে পালাতে সক্ষম হলেও ফয়সাল পেছনে পড়ে যান। আক্রমণকারীরা ফয়সালের শরীরের বিভিন্ন অংশে টেঁটার আঘাত করে পালিয়ে যান।
এ বিষয়ে ফেলু মিয়া বলেন, ৪০ বছরের বেশি সময় আগে তিনি স্ত্রী নূরজাহান বেগমের নামে ওই জমি ক্রয় করেন। কয়েক বছর আগে তাঁর স্ত্রী ওই জমি পাঁচ ছেলেকে দান করেন। এরপর থেকেই কাদেরসহ এলাকার আরও কয়েকজন ওই জমি তাঁদের বলে দাবি করে আসছেন।