সাভারে যুবলীগের দুই নেতার সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের জামসিং মহল্লায় আজ রোববার বিকেলে যুবলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ১১ জন। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ সংঘর্ষ হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন মাসুম, আফাজ, রাজীব, মাসুদ, শরীফুল, ফারুক, এবারদ, রাজু, মিনহাজ উদ্দিন, তাঁর স্ত্রী নার্গিস আক্তার ও তাঁদের ছেলে অন্তর। গুলিবিদ্ধ ও আহত ব্যক্তিদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর পুলিশ শহীদুল ইসলাম, নজরুল ইসলাম, মিজানুর রহমান ও শহীন আলম নামের চারজনকে আটক করেছে।
পুলিশ, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নিজের সমর্থকদের নিয়ে আজ বিকেলে জামসিং মহল্লায় একটি ক্লাব উদ্বোধন করতে যান। সেখান থেকে ফেরার পথে স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী যুব ব্রিগেড পৌর শাখার আহ্বায়ক (যুবদলের সাবেক নেতা) মিনহাজ উদ্দিন মোল্লার কার্যালয়ের সামনে পৌঁছালে নজরুল ও তাঁর লোকজনকে বাধা দেন মিনহাজসহ যুবলীগের অপর একটি অংশ। এ সময় মিনহাজের লোকজন নজরুলকে লাঞ্ছিত করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালে দুই পক্ষই লাঠি ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। দুই পক্ষের মুহুর্মুহু গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গুলি ছুড়তে ছুড়তে নজরুল তাঁর লোকজন নিয়ে ওই এলাকা থেকে চলে যান।
এ ঘটনায় নজরুল ইসলাম ও মিনহাজ উদ্দিন একে অপরকে দায়ী করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন মিয়া জানান, জামসিং মহল্লায় গোলাগুলির খবর তিনি শুনেছেন। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো দল করে কি না, তা তিনি জানেন না।