সাভারে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ঢাকার সাভারের কলমা এলাকায় গতকাল শনিবার যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাভার থানা যুবলীগের সাবেক আহ্বায়ক সোহেল রানা, তাঁর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ ও কলমা এলাকার সেলিম। এঁদেরসহ আরও বেশ কয়েকজনকে আসামি করে গতকাল সাভার মডেল থানায় মামলা দায়ের করেন প্রতিপক্ষের আমিনুল ইসলাম।
সাভার মডেল থানার পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সোহেল রানা কলমা এলাকার হট ড্রেস নামের একটি পোশাক কারখানার সঙ্গে ঝুটের ব্যবসা করে আসছিলেন। কিছুদিন ধরে সাভার থানা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক সেলিম মণ্ডলের লোকজন ওই কারখানার ঝুট ব্যবসা দখলে নেওয়ার তৎপরতা চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকে সোহেল রানা তাঁর লোকজন নিয়ে হট ড্রেসের পাশে নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে সেলিম মণ্ডলের লোকজন ওই কারখানার দিকে আসতে থাকলে সোহেল রানা তাঁর লোকজন নিয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে সেলিম মণ্ডলের পক্ষের রাসেলের (৩২) ডান পায়ে গুলি লাগে। সোহেল রানার পক্ষের কামাল (৩২), সিহাব (৩০), নাসির (৩২) ও শহীদ (৩৫) ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। এঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলা দেড়টায় থানা হেফাজতে থাকা অবস্থায় যুবলীগের নেতা সোহেল রানা অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে হট ড্রেস থেকে ঝুট কিনে আসছিলেন। সেলিম মণ্ডল আহ্বায়ক হওয়ার পর তাঁর ঘনিষ্ঠজনেরা ঝুট ব্যবসা দখল করার চেষ্টা চালাচ্ছিলেন। এর অংশ হিসেবে মোজাম্মেল, আমিনুল ও রাসেলের নেতৃত্বে শতাধিক লোক গতকাল সকালে তাঁদের ওপর হামলা চালান। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর লোকজনকে কোপাতে থাকেন। এ সময় আত্মরক্ষার্থে তিনি নিজের লাইসেন্স করা শটগান থেকে ফাঁকা গুলিবর্ষণ করেন।
মুঠোফোনে সাভার থানা যুবলীগের আহ্বায়ক সেলিম মণ্ডল দাবি করেন, তাঁর লোকজন কারখানার ঝুটের ব্যবসা দখলের কোনো পাঁয়তারা করেননি। হামলা বা সংঘর্ষের সঙ্গেও তাঁরা জড়িত নন। সোহেল রানা অযথাই তাঁদের ওপর দোষ চাপাচ্ছেন। ঘটনার সময় তিনি স্থানীয় সাংসদ এনামুর রহমানের সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ছিলেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে সোহেল রানার শটগানটি জব্দ করা হয়েছে। গতকালই পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃতদের ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।