সাভারে যুবলীগের নেতাসহ সাতজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের ছোট কালিয়াকৈর এলাকা থেকে অস্ত্র, গোলাবারুদসহ গ্রেপ্তার হওয়া যুবলীগের নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-১) গত মঙ্গলবার সাভার থানায় এ মামলা করে। মামলায় সাভার থানা যুবলীগের আহ্বায়ক সেলিম মণ্ডলকেও আসামি করা হয়েছে।
গত সোমবার রাতে র্যা ব-১ অভিযান চালিয়ে বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হামিদকে (৩২) গ্রেপ্তার করে। এ সময় আবদুস সাত্তার (৩৮), একলাছ (৪২) ও আবু তাহের (৩২) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচটি পিস্তল, একটি বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় র্যা ব-১-এর উপপরিদর্শক (নিরস্ত্র) বশির আহমেদ বাদী হয়ে আবদুল হামিদসহ সাতজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা সাভার থানা যুবলীগের আহ্বায়ক সেলিম মণ্ডলের ঘনিষ্ঠজন। অস্ত্রগুলোর মালিক সেলিম মণ্ডল এবং তাঁর সহযোগী মনসুর, হুমায়ুনসহ গ্রেপ্তার ব্যক্তিরা। জিজ্ঞাসাবাদে তাঁরা এসব কথা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়। এ ছাড়া সেলিম মণ্ডলসহ অন্যরা সাভার ও আশুলিয়া থানা এলাকায় জমি দখল, ঝুট ব্যবসা, চাঁদাবাজিসহ অস্ত্র ভাড়ার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
এদিক ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, সেলিম মণ্ডল ও তাঁর ভাই মোহসিন মণ্ডলের নামে দুটি বৈধ অস্ত্রও রয়েছে।
অভিযোগ অস্বীকার করে সেলিম মণ্ডল বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য মামলায় জড়ানো হয়েছে।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, তদন্তে প্রমাণ পাওয়া গেলে সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।