সাভারে রহস্যজনকভাবে ব্যবসায়ী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে মোহাম্মদ লিটন নামের এক ব্যবসায়ী ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। সোহেল রানা নামের আরেক ব্যবসায়ীর শটগানের গুলিতে তিনি আহত হন বলে পুলিশ জানিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ লিটনের সঙ্গে দেখা করতে পুলিশ ও গণমাধ্যম কর্মীদের বাধা দিচ্ছে। লিটন আশুলিয়ার নলাম গ্রামের কফিল উদ্দিনের ছেলে। সাভার বাসস্ট্যান্ড এলাকার সিটি সেন্টার নামের একটি বিপণিবিতানে তাঁর তৈরি পোশাকের দোকান রয়েছে। সোহেল রানাও একই বিপণিবিতানের সিনহা কালেকশনের মালিক।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে লিটনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তাঁকে কড়া প্রহরায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ প্রতিবেদকসহ কয়েকজন গণমাধ্যমকর্মী হাসপাতালে গিয়ে লিটনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের বাধার মুখে পড়তে হয়। জানতে চাইলে নিবিড় পরিচর্যাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা আনিসুর রহমান বলেন, সাইফুল স্যার (হাসপাতালের পরিচালক ও সাংসদ এনামুর রহমানের শ্যালক সাইফুল ইসলাম) লিটনের সঙ্গে সাংবাদিকদের দেখা করতে বারণ করে দিয়েছেন। তাঁর অনুমতি ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না।
পরে সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তা অস্বীকার করেন এবং গণমাধ্যমকর্মীদের ভেতরে যাওয়ার ব্যবস্থা করে দেন। তবে লিটন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেননি। তাঁর স্ত্রী মুক্তি বেগমও কথা বলতে রাজি হননি।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ঈদের আগের দিন সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার পারভেজের বাসায় গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গুলি বের হয় ব্যবসায়ী সোহেল রানার লাইসেন্স করা শটগান থেকে। তবে কে গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, তিনি গতকাল লিটনের সঙ্গে কথা বলার জন্য হাসপাতালে গেলে নিরাপত্তাকর্মীরা তাঁকে ঢুকতে দেননি। এদিকে পারভেজ বলেন, তাঁর বাসায় কোনো গুলির ঘটনা ঘটেনি।
সোহেল রানা বলেন, ঘটনার রাতে লিটনসহ তাঁরা কয়েকজন মাইক্রোবাসে করে এক জায়গায় যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসে ওঠার সময় তিনি তাঁর শটগানটি লিটনের হাতে দেন। এ সময় অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগে একটি গুলি লিটনের পায়ে বিদ্ধ হয়। তবে থানা বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ীরা ঈদের আগের দিন রাতে থানাস্ট্যান্ডে কোনো গুলির শব্দ শুনতে পাননি বলে জানান।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।