সাভারে লুটপাট ও নারীকে লাঞ্ছনা পুলিশের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার মডেল থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদকদ্রব্য উদ্ধারের নামে বাড়িতে ঢুকে লুটপাট ও গৃহবধূকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে সাভার পৌর এলাকার শাহীবাগের আনু মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
আনু মোল্লার স্ত্রী টুম্পা আক্তার বলেন, স্বামীর পৈতৃক সূত্রে পাওয়া দোতলা বাড়ির ওপরের একটি ফ্ল্যাটে থাকেন তাঁরা। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নইমুল ইসলাম শুক্রবার রাত পৌনে ১২টার দিকে দুই কনস্টেবলকে নিয়ে তাঁদের ফ্ল্যাটের দরজার কড়া নাড়েন। দরজা খোলার পরপরই তাঁরা (পুলিশ) ভেতরে ঢুকে পড়েন। এরপর দরজা বন্ধ করে দিয়ে তাঁর (টুম্পা) স্বামী কোথায় তা জানতে চান তাঁরা। কিন্তু ওই রাতে তিনি ও তাঁর দুই শিশু ছাড়া বাড়িতে কেউ ছিলেন না।
টুম্পা আক্তার বলেন, তাঁর স্বামীকে না পেয়ে এসআই মোফাজ্জল ও এএসআই নইমুল অস্ত্রের মুখে একটি কক্ষে তাঁদের আটকে রাখেন। তিনি প্রতিবাদ করলে মোফাজ্জল তাঁকে চুল ধরে টানাহেঁচড়া করেন ও মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন। এ সময় তাঁর বড় মেয়ে আদ্রিতা (৬) কান্না করলে তাকেও ভয় দেখানো হয়। তাঁর মেয়েকে থাপ্পড়ও মারেন এক কনস্টেবল। একপর্যায়ে নইমুল তাঁর স্বামীর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আনার হুমকি দেন। তবে এক লাখ টাকা দিলে তাঁকে মামলায় না জড়ানোর আশ্বাস দেন। এতে তিনি রাজি না হলে তাঁরা ঘরের আলমারি থেকে নয় ভরি স্বর্ণ ও আট হাজার টাকা নিয়ে যান। যাওয়ার সময় তাঁরা শনিবারের মধ্যে ৫০ হাজার টাকা দিতে বলে যান। অভিযানের সময় মোফাজ্জল সাদাপোশাকে ছিলেন।
যোগাযোগ করা হলে মোফাজ্জল হোসেন বলেন, সাভারের শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী নয়ন আনু মোল্লার বাড়িতে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। তাঁর কাছে ছয় হাজার ইয়াবা বড়ি ছিল। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে গোপন দরজা দিয়ে নয়ন ও আনু মাদকসহ পালিয়ে যান।
আনু মোল্লার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, জানতে চাইলে মোফাজ্জল বলেন, ‘এমন কোনো তথ্য আমার জানা নেই। তবে নয়ন একাধিক মামলার আসামি। মূলত তাঁকে (নয়ন) ধরতে ও তাঁর কাছে থাকা ইয়াবা উদ্ধারে অভিযান চালানো হয়।’
তবে টুম্পা আক্তার বলেন, নয়ন নামের কাউকে তাঁরা চেনেন না। তাঁর স্বামী কিছুদিন আগে ৬৫ লাখ টাকায় একটি জমি বিক্রি করেন। সম্প্রতি ওই জমি বিক্রির কয়েক লাখ টাকা হাতে পান। ওই টাকা নেওয়ার জন্য নাটক সাজিয়ে পুলিশ তাঁদের বাড়িতে অভিযান চালায়।
স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ অস্বীকার করে মোফাজ্জল হোসেন বলেন, পুলিশ সঠিক দায়িত্ব পালন করলে অপরাধীরা তাঁদের স্বার্থে পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগই করতে পারেন। এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
বিষয়টি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীমের নজরে আনলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।