সাভারে শিশু ও মিরপুরে তরুণী ধর্ষণের শিকার
সাভার ও রাজধানীর মিরপুরে এক শিশু ও এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। এ দুই ঘটনায় সাভার ও মিরপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
সাভার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, ঢাকার সাভারের ডগরমোড়া এলাকায় আজ রোববার সকালে এক শিশু ধর্ষণের শিকার হয়। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ধর্ষিতার বাবা আজ সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। এর পর শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে।
ধর্ষিতার বাবা প্রথম আলোকে বলেন, তিনি সাভারের ডগরমোড়া এলাকায় একটি বাড়ির তত্ত্বাবধায়ক। ওই এলাকারই সাইফুল ইসলাম (১৮) নামের এক তরুণ তাঁর মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতেন। ওই তরুণ এবং তাঁর পরিবারকে বারবার বলার পরও তিনি এ কাজ থেকে বিরত হননি। শিশুটির বাবা আরও জানান, আজ সকালে তাঁর মেয়ে প্রাইভেট পড়ার জন্য স্কুলে যাচ্ছিল। পথে সাইফুলের সঙ্গে দেখা হলে সে শিশুটিকে ফুসলিয়ে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার পর এলাকার মাতব্বরেরা সাইফুলের সঙ্গে মেয়েটিকে বিয়ে দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
ধর্ষিতার বাবা জানান, তিনি আজ সাভার মডেল থানায় সাইফুলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
মণিপুরে তরুণী ধর্ষণের শিকার
রাজধানীর মিরপুরে এক বাস চালক এক তরুণীকে প্রায় ১৫ দিন ধরে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার পুলিশ ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে। এ ঘটনায় ওই তরুণী মিরপুর থানায় মামলা করেছেন।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুরুজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, মো. সালাম নামের এক বাসচালকের সঙ্গে কিছুদিন আগে ওই তরুণীর পরিচয় হয়। ১৫-২০ দিনে আগে আ. সালাম ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে মিরপুরের একটি বাসায় এনে রাখেন। ওই সময়ে আ. সালাম ওই তরুণীকে নিয়মিত ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি বুঝতে পারেন যে, সালাম বিবাহিত। এর পর গত ২৪ জুন ওই তরুণী কৌশলে সালামকে থানায় নিয়ে যান। এর পর পুলিশকে জানালে পুলিশ সালামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
এর পর ওই তরুণীকে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। আজ দুপুরে মিরপুর থানা-পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।