সাভারে শিশু ধর্ষণের অভিযোগে মামলা
ঢাকার সাভারের পৌর এলাকায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজ বৃহস্পতিবার মামলা হয়েছে। মেয়েটি বাবা-মায়ের সঙ্গে ওই এলাকায় থাকে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি মিজানুর রহমান (৩০) গাড়িচালক এবং তাঁকে সহায়তা করা শরিফুল ইসলাম (৩৩) এলাকায় বখাটে হিসেবে পরিচিত।
মামলার এজাহারের ভিত্তিতে সাভার থানার পুলিশ জানায়, গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে শিশুটি ঘরের বাইরে বের হয়। এ সময় মিজানুর মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে ধর্ষণ করেন। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে ঘরের খাটের নিচে আটকে রাখে। সেই ঘরে তালা দিয়ে চলে যান মিজান। ঘরের চাবিটি দিয়ে যান বাড়ির মালিকের ছেলে শরিফুলের কাছে। অনেকটা সময় পার হয়ে গেলেও শিশুটি বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে এলাকার লোকজন শরিফুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তালা খুলে শিশুটিকে বের করে দেন। পরে শিশুটি সব খুলে বলে।
শিশুটির বাবার অভিযোগ, শরিফুলের সহায়তায় মিজান তাঁর মেয়েকে ধর্ষণ করেছেন। বিষয়টি জানাজানি হলে এলাকার কয়েকজন বসে মীমাংসার চেষ্টা করেন। এই সুযোগে আসামিরা পালিয়ে যান। ঘটনার কোনো মীমাংসা না হওয়ায় আজ সাভার থানায় তিনি মামলা করেন।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।