সাভারে শিশু ধর্ষণের শিকার?
ঢাকার সাভারে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক বলেন, গতকাল মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে এক নারী শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি নিজেকে শিশুর বড় বোন বলে পরিচয় দেন। এ সময় শিশুটির ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়।
শিশুটির মা বলেন, শ্যামাপূজা উপলক্ষে বাড়ির কাছে মেলা বসেছে। সোমবার রাত ১০টার দিকে তাঁর মেয়ে বাসা থেকে বের হয়। ওই মেলা থেকে পরিচিত এক তরুণ তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। সে মেয়েটিকে সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি নার্সারিতে নিয়ে ধর্ষণ করে। এরপর তাকে ফেলে চলে যায়। গতকাল সকাল সোয়া আটটার দিকে ওই মেয়ে (নিজেকে শিশুর বোন পরিচয়দানকারী) অসুস্থ অবস্থায় তাঁর মেয়েকে বাসায় পৌঁছে দেন। এরপর তিনি মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
শিশুটির মা আরও বলেন, তাঁদের বাড়ি খুলনার তেরখাদায়। কয়েক বছর আগে তাঁর স্বামী তাঁদের রেখে অন্যত্র চলে যান। এরপর থেকে ওই মেয়ে ও আড়াই বছরের ছেলেকে নিয়ে তিনি সাভার পৌর এলাকায় বসবাস করছেন। সেখানে থেকে তিনি অন্যের বাড়িতে কাজ করেন।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, ‘শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানতে পেরেছি। তবে শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’