সাভারে শিশুকে ধর্ষণের অভিযোগ
ঢাকার সাভারে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রতন (২০) নামের স্থানীয় এক তরুণ তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক বলেন, আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে এক তরুণী ধর্ষণের শিকার হওয়া এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তখন শিশুটির রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। হাসপাতালে ওই তরুণী নিজেকে শিশুটির বড় বোন বলে পরিচয় দেন। এ ছাড়া তিনি ওই শিশুর পরিচয়ও গোপন করেন।
শিশুটির মা বলেছেন, শ্যামাপূজা উপলক্ষে তাঁদের বাড়ির পাশে আয়োজিত মেলার উদ্দেশ্যে তাঁর মেয়ে গত সোমবার রাত ১০টার দিকে বাসা থেকে বের হয়। আজ সকাল সোয়া আটটার দিকে তানিয়া নামের এক তরুণী অসুস্থ অবস্থায় তাঁর মেয়েকে বাসায় পৌঁছে দেন। পরে মেয়ের কাছ থেকে তিনি জানতে পারেন, ওই মেলা থেকে রতন তাঁর মেয়েকে অপহরণের পর মোটরসাইকেলে করে সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি নার্সারিতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এরপর তানিয়া শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে শিশুটিকে স্থানান্তর করার পরামর্শ দিলে তানিয়া তাকে বাড়িতে নিয়ে আসেন। এরপর তিনি মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তানিয়া ও রতন—দুজনকেই তাঁর মেয়ে আগে থেকে চেনে। তবে তিনি (শিশুটির মা) চিনতেন না।
শিশুটির মা আরও জানান, তাঁদের বাড়ি খুলনায়। কয়েক বছর আগে তাঁর স্বামী তাঁদের রেখে অন্যত্র চলে যান। এরপর থেকে ওই মেয়ে আর আড়াই বছরের এক ছেলেকে নিয়ে তিনি সাভারে বসবাস করছেন। অন্যের বাড়িতে কাজ করে তিনি সংসার চালান।
আজ সন্ধ্যায় সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, ‘এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানতে পেরেছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।’