সাভারে শিশুকে ধর্ষণের অভিযোগ
ঢাকার সাভারে গত শনিবার রাতে এক শিশু (৯) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুটির মা বলেন, শনিবার সন্ধ্যা সাতটার দিকে তিনি বাসার পাশের দোকানে যান। সে সময় নির্মাণাধীন একটি কারখানার ছোট কক্ষে নিয়ে পাশের বাড়ির ফরহাদ নামের এক যুবক তাঁর মেয়েকে ধর্ষণ করেন। চিকিৎসার জন্য গতকাল রোববার বেলা ১১টার দিকে মেয়েটিকে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়ে দেয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে ধর্ষণের অভিযোগ থাকায় তাকে ঢাকা মেডিকেলের ওসিসিতে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
যোগাযোগ করা হলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, এ ঘটনায় গতকাল রাত ১০টা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।