সাভারে শ্বাসরোধে দুজনকে হত্যার অভিযোগ
সাভারে পৃথক দুটি ঘটনায় শ্বাসরোধে দুজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। একটি ঘটনা ঘটেছে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার কুলন্ডবাগ গ্রামে এবং আরেকটি ঘটনা ঘটেছে আশুলিয়ার নিশ্চিন্তপুরে। কুলন্ডবাগ গ্রামে গৃহবধূ মর্জিনা বেগমের (২২) লাশ আজ শনিবার বেলা দেড়টার দিকে উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে আশুলিয়ার লালপাহাড় এলাকার একটি বাঁশঝাড় থেকে মাহবুবুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, দুজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, মর্জিনাকে গত শুক্রবার রাতে কোনো একসময় হত্যা করা হয়। এরপর তাঁর স্বামী সিদ্দিক হোসেন তা আত্মহত্যা বলে প্রচার করতে থাকেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাঁর লাশ উদ্ধার করে এবং সিদ্দিক হোসেনকে আটক করেছে। মর্জিনার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মর্জিনা নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার গোরাবাট গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে। বিষয়টি নওগাঁয় স্বজনদের জানানো হয়েছে। তাঁর স্বজনেরা আসার পর মামলা হবে।
এদিকে মাহবুবুর রহমানের স্ত্রী খাদিজা বেগম বলেন, গত শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে তাঁর স্বামী বাসা থেকে বের হন। আজ বিকেলে আশুলিয়ার লালপাহাড় এলাকার একটি বাঁশঝাড়ে লাশ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কবীর হোসেন বলেন, মাহবুবুর রহমানের বাড়ি কুড়িগ্রামে। তিনি স্ত্রীকে নিয়ে আশুলিয়ার নিশ্চিন্তপুরে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। নিহত মাহবুবুরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁর মুখ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।