সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি পোশাক কারখানার শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
সাভার মডেল থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজফুলবাড়িয়া এলাকার গোল্ডেন স্টিচ ডিজাইন গার্মেন্টসের শ্রমিকদের গত বুধবার জুন মাসের বেতন পরিশোধ করা হলেও অতিরিক্ত কাজের পারিশ্রমিক দেওয়া হয়নি। এ কারণে ক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল কর্মস্থলে উপস্থিত হয়ে কিছুক্ষণ কাজ করার পরই কাজ বন্ধ করে দেন। সকাল আটটার দিকে তিনতলার শ্রমিকেরা দোতলায় নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় প্রথম ও দোতলার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে বিক্ষোভ শুরু করলে নিরাপত্তাকর্মীরা এতে বাধা দেন। এ সময় কয়েক শ শ্রমিক কারখানার ভেতরে ভাঙচুর শুরু করেন। পরে সকাল সাড়ে আটটার দিকে কারখানাসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। খবর পেয়ে শিল্প ও সাভার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর চড়াও হন। পুলিশ তাঁদের লাঠিপেটা করে। শ্রমিকেরাও ছত্রভঙ্গ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।