সাভারে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে স্কেল দিয়ে পেটালেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে স্কেল দিয়ে পিটিয়েছেন এক শিক্ষক। ওই ছাত্রের নাম ফাহাদ মণ্ডল। সে সাভার অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের ছাত্র।
ফাহাদ (১১) প্রথম আলোকে বলে, গত সোমবার ইসলাম ধর্ম বিষয়ে পাঠদান চলাকালে রাফি নামের এক সহপাঠী তার বইয়ের একটি পাতা ছিঁড়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে সে রাফিকে থাপ্পড় মারে। এ কারণে সহকারী শিক্ষক গোলাম মোস্তফা কাঠের স্কেল দিয়ে তাকে ১০ থেকে ১২টি আঘাত করেন।
ফাহাদের বাবা সেকেন মণ্ডল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক। তিনি বলেন, শিক্ষকের প্রহারে ফাহাদের হাত ও পায়ের দুটি স্থানে ক্ষতের সৃষ্টি হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তিনি আরও বলেন, স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।
গতকাল বৃহস্পতিবার জানতে চাইলে শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ফাহাদ ও রাফি শ্রেণিকক্ষে মারামারি করে। এ জন্য তাদের শাসন করতে গিয়ে স্কেল দিয়ে বাড়ি দেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইউসুফ হারুন বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশের পর বিদ্যালয় থেকে বেত সরানো হয়েছে। বেত না পেয়ে রাগের বশে স্কেল দিয়েই ফাহাদকে আঘাত করেন গোলাম মোস্তফা। বিষয়টি আমাদের নজরে আসার পর তাঁকে (গোলাম মোস্তফা) কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জানতে চাইলে ইউএনও আবু নাসের বেগ বলেন, ‘অভিযোগটি এখন পর্যন্ত আমার হাতে পৌঁছায়নি। অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’