সাভারে সন্ত্রাসীদের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে গতকাল সোমবার সন্ত্রাসীদের গুলিতে বেসরকারি সিটি ইউনিভার্সিটির এক ছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম সিফাত উল্লাহ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।
সিফাত উল্লাহ (২২) ময়মনসিংহের মুক্তাগাছার বাচ্চু মিয়ার ছেলে। সিফাত বিশ্ববিদ্যালয়ের হাজি মকবুল হলে থাকতেন।
থানা-পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক ছাত্রীকে নিয়ে সিটি ইউনিভার্সিটির দুই ছাত্র বাপ্পী ও শাহেদের মধ্যে রোববার বিকেলে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল বেলা দেড়টার দিকে বাপ্পী অন্তত আটটি মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জনকে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন। এরপর তাঁরা ককটেল ফাটিয়ে ও গুলি ছুড়ে শক্তির মহড়া দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের হলে থাকা ছাত্ররা বের হয়ে আসেন। তাঁরা মূল ফটক দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এ সময় বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সিফাত। আর পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন একই বিভাগের শেষ বর্ষের ছাত্র বাসু দেব মণ্ডল। গুরুতর অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিফাত নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনে আশুলিয়া-বিরুলিয়া সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা একটি যানও ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে শিক্ষার্থীরা ধাওয়া করে সোহেল (২২) ও মোশাররফ হোসেন (২৪) নামের দুজনকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। তাঁদের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাব্বির হোসেন বলেন, শাহেদের সঙ্গে কথা-কাটাকাটির সময় বাপ্পী নিজেকে ছাত্রলীগের স্থানীয় নেতা বলে পরিচয় দেন। তাঁর কোনো পদ না থাকলেও তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে সাভার থানা ছাত্রলীগের সূত্রে জানা গেছে।
সিটি ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার ফারুক আহম্মেদ বলেন, একদল সন্ত্রাসী গতকাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে ককটেল ফাটায় ও গুলিবর্ষণ করে। এ সময় সিফাত, বাসু দেবসহ কয়েকজন ছাত্র সেখানে এগিয়ে যান। সিফাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি জানান, এ ঘটনায় আগামী শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক এ এফ এম সায়েদ বলেন, বাপ্পী ও শাহেদ একই মেয়েকে পছন্দ করতেন। এ নিয়ে ঘটনার সূত্রপাত। সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, এ ঘটনায় বাপ্পীসহ চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।