সাভারে সরবরাহ লাইন ফেটে বের হচ্ছে গ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় বংশী নদীতে ট্রলারের ধাক্কায় তিতাসের সঞ্চালন লাইন ফেটে গেছে। এর ফলে ওই জায়গা দিয়ে তীব্র গতিতে গ্যাস বের হচ্ছে। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাটি ঘটে। রাত দশটা পর্যন্ত ফেটে যাওয়া লাইন মেরামত করতে যায়নি কেউ।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে একটি বালুবাহী ট্রলার ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় নদীর তলদেশ দিয়ে নেওয়া তিতাসের পাইপ লাইনে ধাক্কা মারে। এতে সরবরাহ লাইন ফেটে তীব্র গতিতে গ্যাস বের হতে থাকে।

তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির সাভার আঞ্চলিক বিপণন কেন্দ্র থেকে জানা গেছে, ক্ষতিগ্রস্ত লাইনটির ব্যাসার্ধ ১০ ইঞ্চি। ওই লাইনের মাধ্যমে সাভার থেকে হেমায়েতপুরসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ করা হয়। লাইনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

তিতাস সাভার আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আবু রায়হান বলেন, গ্যাস বের হওয়ার খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামীকাল সকালে (আজ সোমবার) মেরামত কাজ শুরু হবে।