সাভারে সাংসদের শ্যালক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে স্থানীয় সাংসদ এনামুর রহমানের শ্যালক আব্দুল আলীম সোহাগকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গভীর রাতে সন্দেহজনক ঘোরাফেরার কারণে তাঁকে আটক করা হয়েছে। অন্যদিকে সোহাগের দাবি, গরুর হাটের দরপত্র জমা দেওয়া নিয়ে বিরোধই এ আটকের কারণ।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মোল্লা প্রথম আলোকে বলেন, সোমবার দিবাগত রাত তিনটার দিকে পৌর এলাকায় সোনালী ব্যাংকের সামনে দাঁড়ানো ছিলেন সোহাগ। পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাটি যাচাই-বাছাইয়ের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সাংসদের স্ত্রীর খালাতো ভাই আব্দুল আলীম সোহাগের দাবি, তালবাগ মহল্লার বাসা থেকে তাঁকে আটক করা হয়েছে। তিনি বলেন, সাভার পৌরসভার গরুর হাটের দরপত্র জমা দেওয়া নিয়ে সাংসদের ভাই মনির হোসেনের সঙ্গে বিরোধের জের হিসেবে এই আটকের ঘটনাটি ঘটেছে।

অনেক চেষ্টা করেও এ ব্যাপারে মনির হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বারবারই তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।