সাভারে সোনার দোকানে চুরি
ঢাকার সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি স্বর্ণালংকারের দোকানে গত শুক্রবার রাতে চুরি হয়েছে। ওই দোকান থেকে নগদ অর্থসহ প্রায় ২৫০ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে।
সাভার মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চোরেরা শুক্রবার রাতের কোনো এক সময় চৌরঙ্গী সুপার মার্কেটের নিচতলার একটি জুতার দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দেয়াল ভেঙে পাশের মোহনা জুয়েলার্সে ঢোকে। এ সময় তারা ২৫০ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ টাকা নিয়ে জুতার দোকান দিয়েই বের হয়ে যায়। দোকান খুলে গতকাল শনিবার সকালে স্বর্ণালংকার ও টাকা না পেয়ে দোকানের লোকজন সাভার মডেল থানাকে জানান।
মোহনা জুয়েলার্সের মালিক রতন চন্দ্র ঘোষ বলেন, দোকান বন্ধ করে শুক্রবার রাত আটটার দিকে তাঁরা বাসায় চলে যান। সকালে বুঝতে পারেন তাঁর প্রতিষ্ঠানে চুরি হয়েছে।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।