সাভারে স্কুলছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় মারধরে আলামিন শেখ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আলামিন শেখ মানিকগঞ্জ জেলার দৌলতপুরের চরকাটারি গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে। সে পরিবারের সঙ্গে আশুলিয়ার পলাশবাড়িতে থাকত। সেখানে স্থানীয় একটি প্রিক্যাডেট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে।

পুলিশ জানায়, জ্যেষ্ঠ-কনিষ্ঠদের (সিনিয়র-জুনিয়র) মধ্যে বিরোধের জের ধরে স্কুলের সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্রের সঙ্গে বেশ কিছু দিন ধরে আলামিনের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গতকাল রাত ১১টার দিকে ওই স্কুলের দুই ছাত্র ও তাদের চার সহযোগী আলামিনকে মারধর করে। পরে আহত অবস্থায় তারাই আলামিনকে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অবস্থা আরও খারাপ হলে সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে মারা যায় আলামিন।

আলামিন মারা গেলে ওই ছাত্ররাই তার বাবাকে ফোন করে জানায় যে আলামিন অসুস্থ। হাসপাতালে ভর্তি আছে। খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে আলামিনকে মৃত অবস্থায় পায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।