সাভারে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় তরুণ গ্রেপ্তার
ঢাকার সাভারের ডগরমোড়া এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলার আসামি সাইফুল ইসলামকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গাজীপুরের কালীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়ার জন্য গত শনিবার সকালে ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে যাচ্ছিল। পথে সাইফুলের সঙ্গে দেখা হলে সে তাকে (ছাত্রী) কৌশলে তাদের বাড়ি নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। ঘটনার পর সাইফুল কালীগঞ্জে এক বন্ধুর কাছে গিয়ে আশ্রয় নেয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় গত রোববার সাইফুলের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা সাভার মডেল থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পরপরই সাইফুলকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। এরপর গতকাল ভোরে তাকে কালীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।