সাভারে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত দম্পতি হলেন সোহেল রানা (২৮) ও শিখা আক্তার (২০)।
সোহেল রানা মেহেরপুর জেলার গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের আবদুর রউফের ছেলে। আর শিখা একই গ্রামের বজলুর রহমানের মেয়ে। বছর পাঁচেক আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়েছিল।
আশুলিয়া থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর সোহেল এলাকায় কোনো কাজ জোগাড় করতে না পেরে বছর তিনেক আগে স্ত্রীকে নিয়ে আশুলিয়া চলে আসেন। আশুলিয়ায় আসার পর শিখা একটি পোশাক কারখানায় চাকির নেন। সোহেল চাকরি জোগাড় করতে না পেরে বছর খানেক আগে সিঙ্গাপুর যান। সেখানে চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে তিনি ১৫ দিন পর দেশে চলে আসেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। কলহের জের ধরে সোহেল তাঁর স্ত্রীকে প্রায়ই মারধর করতেন।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আহাদ আলী বলেন, গতকাল সকাল ১০টার দিকে ঘরের দরজা বন্ধ করে সোহেল তাঁর স্ত্রী শিখাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। এর আগে তিনি শাশুড়ি আঞ্জিরা খাতুনকে ফোন করে শিখার মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং নিজে আত্মহত্যা করছেন বলে জানান।
সোহেলের খালা পারুল বেগম বলেন, গতকাল বেলা সাড়ে ১২টার দিকে শিখার বাবা বজলুর রহমান তাঁর মুঠোফোনে কল করে বিষয়টি জানানোর পর তিনি বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে যান। এ সময় তিনি তাঁদের কক্ষটি ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় পান। এরপর ডাকাডাকি করে কারও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে তিনি ঘরের ভেতরে ঢোকেন। এ সময় তিনি ঘরের আড়ার সঙ্গে সোহেলের লাশ ঝুলতে দেখেন আর শিখার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করলে বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিলে তাঁদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পারুল আশুলিয়া এলাকা থেকে একটি পোশাক কারখানায় চাকরি করেন।
বাড়ির তত্ত্বাবধায়ক আবুল হোসেন বলেন, মাস তিনেক আগে সোহেল-শিখা দম্পতি তাঁদের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। শিখা প্রতিদিন সকালে তাঁর কর্মস্থলে গিয়ে সন্ধ্যায় ফিরতেন। আর সোহেল প্রায় সময় বাসায়ই থাকতেন। তবে গতকালের ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, দাম্পত্য কলহের জের ধরে সোহেল তাঁর স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মৃত্যুর আগে সোহেল মুঠোফোনে তাঁর স্বজনদের এ ধরনের কথাই বলে গেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।