সাভারে স্বামীকে ঝলসে দিলেন স্ত্রী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার এক গৃহবধূ গরম তেল দিয়ে স্বামীর শরীর ঝলসে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঝলসে যাওয়া ব্যক্তির নাম ইউসুফ জামিল। তাঁর বাড়ি কুমিল্লার দাউদকান্দির শিবপুর গ্রামে। তিনি তালবাগে ভাড়া থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করেন। আট বছর আগে তিনি এলাকার আসমা বেগমকে বিয়ে করেন।
ইউসুফের মা মমতাজ বেগম বলেন, বিয়ের পর থেকেই তাঁর ছেলের সঙ্গে আসমার বনিবনা হচ্ছিল না। এর জের ধরে গত দুই বছরে দুবার মশারিতে আগুন দিয়ে ঘুমন্ত অবস্থায় তাঁর ছেলেকে হত্যার চেষ্টা করেন আসমা। কিন্তু পরিবারের অন্য সদস্যদের সহায়তায় রক্ষা পান তিনি। এরপরও স্বজনদের মধ্যস্থতায় আসমাকে নিয়ে সংসার করছিলেন তাঁর ছেলে। সর্বশেষ গত বৃহস্পতিবার গরম তেল ঢেলে তাঁর ছেলেকে হত্যার চেষ্টা করেন আসমা। ঘটনার পরপরই আসমা পালিয়ে যান।
ইউসুফ জামিল বলেন, বুধবার রাতে স্ত্রীর সঙ্গে একই কক্ষে ঘুমান তিনি। পরদিন ভোরে তাঁর স্ত্রী উঠে গেলেও তিনি ঘুমাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে মুখমণ্ডল ও গলায় গরম অনুভব করলে তিনি লাফিয়ে ওঠেন। এরপর তিনি আর কিছু দেখতে পাচ্ছিলেন না। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। ইউসুফ জামিল বলেন, সুস্থ হওয়ার পর তিনি এ ঘটনায় মামলা করবেন।
এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, গরম তেলে জামিলের মুখমণ্ডল ও চোখের পাতা, গলা, বুক ও পিঠের কিছু অংশে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তবে চোখ নষ্ট হয়েছে কি না, তা বলা যাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।