ঢাকার সাভারে যুবলীগের পরিচয় ব্যবহার করে বিলবোর্ড-ফেস্টুনে প্রচারণা চালাচ্ছেন দুটি হত্যা মামলার আসামি আক্তার হোসেন ওরফে কামাল। তাঁর বিরুদ্ধে দুই কলেজছাত্রকে ডুবিয়ে মারার অভিযোগ আছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্রও জমা দিয়েছে পুলিশ।
কামাল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালিয়ারচর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সাভারে বসবাস করছেন।
সাভার মডেল থানা-পুলিশ জানায়, রঙের কাজ করানোর কথা বলে ২০১৫ সালের ২৫ আগস্ট রাতে মুনসের আলী নামে সাভার কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রকে মুঠোফোনে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে সাভার নামাবাজার এলাকায় বংশী নদীর ধারে নিয়ে একটি ট্রলারে তুলে হাত-পা বেঁধে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। এরপর তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুনসের নাটোরের গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি বড় ভাই মঞ্জুর সঙ্গে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় থেকে রঙের কাজ করে পড়ালেখা করতেন।
এদিকে মানিকগঞ্জ সদর থানার পুলিশ জানায়, চাকরির প্রলোভন দেখিয়ে ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র মনির হোসেনকে সাভার নিয়ে আসা হয়। ওই দিন রাতেই তাঁকে ট্রলারে করে বংশী নদীতে নিয়ে ডুবিয়ে হত্যা করা হয়। হত্যার পর মনিরের পরিবারের কাছেও মুক্তিপণ দাবি করা হয়। মনির মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের পরশ আলীর ছেলে।
দুই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেন ওরফে কামাল, বাদশা মিয়া, শুক্কুর আলী, আনোয়ার হোসেন, আজগর চৌধুরী ও লাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে হত্যা ও মুক্তিপণ দাবির অভিযোগে সাভার ও মানিকগঞ্জ সদর থানায় পৃথক মামলা হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্ত শেষে সাভার মডেল থানার পুলিশ গত বছরের ২ এপ্রিল আক্তার হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আর মানিকগঞ্জ সদর থানার পুলিশ গত বছরের ৭ জুন আক্তারসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর আগেই আক্তারসহ অধিকাংশ আসামি জামিনে ছাড়া পান।
জামিনে বের হওয়ার পর ক্ষমতাসীন দলের সাভারের স্থানীয় কয়েকজন নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন আক্তার। এ সুবাদে তিনি যুবলীগ পরিচয়ে সাভারের বিভিন্ন এলাকায় বিলবোর্ড ও ফেস্টুন টাঙাতে শুরু করেন।
নিহত কলেজছাত্র মনির হোসেনের ফুফাতো ভাই রাসিম আহমেদ বলেন, জামিনে ছাড়া পাওয়ার পর থেকে আক্তার যুবলীগের নেতা পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। ওই পরিচয়ে মামলা তুলে নেওয়ার জন্য তিনি নানাভাবে হুমকিও দিয়ে যাচ্ছেন তাঁদের।
যুবলীগের কোন পদে আছেন এবং কবে যোগ দিয়েছেন জানতে চাইলে আক্তার হোসেন বলেন, ‘যাঁরা আমাকে যুবলীগ করতে বলেছেন, তাঁদেরকে আপনার কথা জানাব যে আপনি এসব জানতে চেয়েছেন।’ কলেজছাত্র হত্যার ঘটনায় মুক্তিপণ দাবির বিষয়ে তিনি বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হয়েছে। আমি হত্যার সঙ্গে জড়িত ছিলাম না।’
মানিকগঞ্জ সদর থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এবং ওই থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম বলেন, পুলিশের কাছে আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে আক্তার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন। এ ছাড়া তদন্তে তাঁর বিরুদ্ধে দুই কলেজছাত্র হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে।
এ বিষয়ে স্থানীয় সাংসদ এনামুর রহমান বলেন, কোনো অপরাধীর দলে ভেড়ার সুযোগ নেই। আক্তারের মতো ঘৃণ্য অপরাধী যুবলীগের পরিচয়ে বিলবোর্ড-ফেস্টুন ঝুলিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। ইতিমধ্যে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।