সাভারে ১৬ হাজার ফুট অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাসের অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ করতে সাভারের তেতুলঝোঁড়া ইউনিয়নে কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো ওই অভিযানে তিনটি গ্রামের কয়েক হাজার ফুট অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছে।

তিতাসের সাভার কার্যালয় সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত তেতুলঝোঁড়া ইউনিয়নের আর্জেন্টপাড়া, হরিণধরা ও বাগবাড়ি গ্রামে অভিযান চালান। আদালত পরিচালনা করেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াছমিন। অভিযান পরিচালনাকালে ওই গ্রামগুলো থেকে ১৬ হাজার ৬৫০ ফুট অবৈধ লাইন উচ্ছেদ করা হয়। এর ফলে ওই এলাকার অন্তত তিন হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় লোকজন জানান, তিন বছরের বেশি সময় ধরে ওই এলাকার লোকজন এসব অবৈধ লাইন ব্যবহার করে আসছিলেন। সংযোগ দেওয়ার সময় বৈধ করার আশ্বাস দিয়ে কয়েকজন ব্যক্তি তাঁদের কাছ থেকে ৪০ থেকে ৬০ হাজার পর্যন্ত টাকা হাতিয়ে নেন।

সাভার তিতাসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, অবৈধ লাইন উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া। এর অংশ হিসেবে আজ তেতুলঝোঁড়ার তিনটি এলাকায় অভিযান চালানো হয়।