সাভারে ২০ যানবাহনে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কে গত রোববার রাতে অন্তত ২০টি যানবাহনে ডাকাতি হয়েছে। ডাকাতেরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা থেকে টাকা ও মালামাল লুটে নেয়।
ঘটনার ঘন্টা খানেক পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো ডাকাতির শিকার যানবাহনগুলোকে তাড়িয়ে দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রাণ গ্রুপের ট্রাকচালক মো. টুটুল বলেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে আধা কিলোমিটার দূরে সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের দুই পৃথক স্থানে গাছের গুঁড়ি ফেলে ডাকাতেরা ওত পেতে থাকে। ওই সড়ক দিয়ে সাভার আসার পথে অন্তত ২০টি পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা ডাকাতদের কবলে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে ডাকাতেরা অস্ত্রের মুখে বিভিন্ন পরিবহনে থাকা অর্থ ও হাতে বহনযোগ্য বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়।
ডাকাতির শিকার আরও কয়েকজন যানবাহন চালক অভিযোগ করেন, অর্থ ও মালামাল লুট করে ডাকাতেরা পালানোর কয়েক মিনিট পর সাভার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপর তাঁরা রাস্তা থেকে গাছ সরিয়ে যানবাহন চালকদের দ্রুত ঘটনাস্থল থেকে চলে যেতে বাধ্য করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ইদানীং সড়কটিতে মাঝেমধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রোববার রাতেও গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতির চেষ্টা চালানো হয়। তবে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছানোর কারণে ডাকাতেরা পালিয়ে যায়।
আড়াইহাজারে চার বাড়িতে ডাকাতি: নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, জেলার আড়াইহাজার উপজেলায় গত রোববার দিবাগত রাতে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার গভীর রাতে উপজেলার ছোট ফাউসা এলাকার জাহাঙ্গীর মোক্তারের বাড়িতে হানা দিয়ে ডাকাতেরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫৬ হাজার টাকা, ২০ ভরি ওজনের স্বর্ণালংকারসহ মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
একই রাতে কুমারবাগ এলাকার মোবারক মিয়ার বাড়িতে ডাকাতেরা বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে। গৃহকর্তা মোবারককে কুপিয়ে আহত করে তারা ২৫ হাজার টাকা, তিন ভরি ওজনের স্বর্ণালংকার ও মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ওই দিন রাত ১২টার দিকে গোপালদী পৌরসভার সদাসদী পশ্চিমপাড়া এলাকার বাসচালক ননী দের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির গেট ভেঙে ভেতরে গিয়ে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আট হাজার টাকা, তিনটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। পরে একই এলাকার অরুণ বণিক ও হারুনের বাড়িতে হানা দেয় ডাকাত দল। দরজা ভাঙার সময় বাড়ির লোকজনের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে ধাওয়া দিলে ডাকাতেরা পালিয়ে যায়। পরে কলাগাছিয়া এলাকার সুলতান মিয়ার বাড়িতে ডাকাত দল হানা দেয়। সেখানে বাড়ির স্টিলের দরজা ভেঙে ভেতরে গিয়ে ১২ হাজার টাকা, চার ভরি ওজনের স্বর্ণালংকার, তিনটি মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে।