সাভারে ২২ লাখ টাকা ছিনতাই
ঢাকার অদূরে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে আজ মঙ্গলবার ২২ লাখ টাকার ছিনতাই হয়েছে। একটি বেসরকারি ব্যাংক থেকে এই টাকা তোলার পর সাভার সাব রেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
পুলিশের তথ্যমতে, কেরানীগঞ্জের প্রবাসী আবদুল মতিনের স্ত্রী রোকেয়া আখতার স্থানীয় আব্দুল হালিমসহ চারজনের কাছ থেকে জমি কিনতে ব্যাংক থেকে এই টাকা তোলেন। এই টাকা নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে।
প্রথম আলোকে দেওয়া রোকেয়া আখতারের ভাই হাবিবুর রহমানের ভাষ্য, তাঁর বোন রোকেয়া আখতার কেরানীগঞ্জের আব্দুল হালিমসহ চারজনের কাছ থেকে ৫০ লাখ টাকায় ৫ শতাংশ জমি কিনবেন বলে ঠিক করেন। আজ ৫০ লাখ টাকার মধ্যে ২২ টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করার কথা ছিল। এ জন্য দুপুরে সাভারের ইসলামী ব্যাংক শাখায় হাবিবুর রহমানের ব্যাংক হিসাব থেকে ২২ লাখ তোলা হয়। পরে হাবিবুর তাঁর ছোট ভাই সাইদুর রহমান ও জমির দলিল লেখক মোশতাককে নিয়ে একটি মোটরসাইকেলে করে সাভারের রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। ব্যাংক কলোনি মাদ্রাসা পার হওয়ার পর দুটি মোটরসাইকেলে করে চার যুবক ঘটনাস্থলে হাবিবুরদের মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের মুখে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাঁরা ঘটনাটি পুলিশকে জানান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে টাকা ছিনতাইয়ের ঘটনার সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, এ ব্যাপারে এখনো তথ্য পাওয়া যায়নি।
রোকেয়া আখতার বলেন, তিনি জমি বিক্রেতাকে ডিডি বা চেকের মাধ্যমে টাকা পরিশোধের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু জমির বিক্রেতা ও দলিল লেখক মোশতাকের অনুরোধে ৫০ লাখ টাকার মধ্যে ২২ লাখ টাকা টাকা নগদ পরিশোধের ব্যবস্থা করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, তাঁরা (জমির বিক্রেতা ও দলিল লেখক মোশতাক) এ টাকা মেরে দিতেই নগদ টাকা চেয়েছিলেন।
হাবিবুর রহমানের ব্যাংক হিসাব থেকে ২২ লাখ টাকা উত্তোলনের সত্যতা নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংক সাভার শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ছিনতাই ঘটনার সঙ্গে মোশতাক, হাবিবুর ও সাইদুরের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।