সাভারে ২২ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ব্যাংক থেকে টাকা তুলে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা ওই টাকা ছিনিয়ে নেয়।
সাভার মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার কেরানীগঞ্জের হোগলাগাতি গ্রামের প্রবাসী আবদুল মতিনের স্ত্রী রোকেয়া বেগম সাভারের ভাগলপুরে পাঁচ শতাংশ জমি কেনেন। গতকাল সাভার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে জমির নিবন্ধন হওয়ার কথা। এর আগে চুক্তি অনুযায়ী জমির মূল্য ২২ লাখ টাকা দেওয়ার কথা ছিল। আর বাকি ২৮ লাখ টাকা নিবন্ধনের পর পর্যায়ক্রমে দেওয়ার কথা। দুপুরে সাভার বাসস্ট্যান্ড এলাকার ইসলামী ব্যাংকের সাভার শাখা থেকে ২২ লাখ টাকা তোলার পর একটি মোটরসাইকেলে করে তিনজন ওই টাকা নিয়ে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে যাচ্ছিলেন। পথে ব্যাংক কলোনি মাদ্রাসার কাছে একটি গলি থেকে চারজন দুর্বৃত্ত পুরো টাকাই ছিনিয়ে নিয়ে যায়।
রোকেয়া বলেন, তিনি চেক বা ড্রাফটের মাধ্যমে টাকা পরিশোধ করতে চেয়েছিলেন। কিন্তু জমির মালিক আবদুল হালিম ও অন্যরাসহ দলিল লেখক মোস্তাক আহাম্মেদের কথায় তিনি নগদ টাকা দিতে রাজি হন। তাঁদের কথামতো তিনি গতকাল কেরানীগঞ্জের একটি ব্যাংক থেকে ইসলামী ব্যাংকের সাভার শাখায় তাঁর (রোকেয়া) ভাই হাবিবুর রহমানের হিসাবে টাকা পাঠান। দুপুর ১২টার দিকে তাঁর ভাই হাবিবুর ও সাইদুর দলিল লেখক মোস্তাককে নিয়ে টাকা তুলতে ব্যাংকে যান। এ সময় ওই ঘটনা ঘটে।
হাবিবুর রহমান ও মোস্তাক বলেন, ব্যাংক থেকে টাকা তুলে তাঁরা তিনজন একটি মোটরসাইকেলে করে ফেরার পথে ব্যাংক কলোনি এলাকায় দুটি মোটরসাইকেলে করে চারজন তাঁদের গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে টাকার থলে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ব্যাংকের ব্যবস্থাপক মিজানুর রহমান গতকাল ২২ লাখ টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য রোকেয়ার দুই ভাইসহ দলিল লেখককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।