সাভারে ৮ সহযোগীসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে আট সহযোগীসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আল-আমিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত সোমবার রাতে রেডিও কলোনি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন সাভারের ভবানিপুরের সোহেল খান (২৭), দেওগাঁওয়ের পিয়াস (২৭), আমিন (২৫), রাসেল (২৫), উইলিয়াম রোজারিও (২৫); রাজাসনের ইমরান খান (১৯), সজল (২৫) ও আউকপাড়ার আবদুল মতিন (২০)।

র‍্যাব জানায়, আল-আমিনকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিল র‍্যাব। এর অংশ হিসেবে গত সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় মাইক্রোবাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় একই মাইক্রেবাসে থাকা তাঁর আট সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। পরে মাইক্রোবাস ও গ্রেপ্তার ব্যক্তিদের শরীর তল্লাশি করে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ছয়টি গুলি ও ১ হাজার ৮০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, আল-আমিন তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন থানায় ১০ থেকে ১২টি মামলা রয়েছে।