সাভারে 'জঙ্গি আস্তানায়' দফায় দফায় বিস্ফোরণ

ঢাকার সাভারের মধ্যগ্যান্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটি থেকে দফায় দফায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টা থেকে বেলা দেড়টার মধ্যে পাঁচবার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
দফায় দফায় এই বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো এ ব্যাপারে কিছু বলেনি।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে ওই বাড়ি ঘিরে ফেলে পুলিশ। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে বোমা নিষ্ক্রিয়কারী দল। এরপর ওই বাড়িতে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি শুরু করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইতিমধ্যে ওই বাড়ির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে বাড়িটিতে পানি ছোড়া হয়। এ ছাড়া ওই বাড়িটির আশপাশ থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়। দুপুর সোয়া ১২টায় ওই বাড়িতে প্রথম ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর পর বেলা একটা ১০ মিনিট, একটা ২০ মিনিট, একটা ২৫ মিনিট ও বেলা দেড়টায় বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
এর আগে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, ঘিরে রাখা বাড়িটিতে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো সময় মূল অভিযান শুরু করা হবে।

গতকাল রাত সোয়া নয়টার দিকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট ও ঢাকা জেলা পুলিশ যৌথভাবে সাভারের মধ্যগ্যান্ডা এলাকার নির্মাণাধীন ছয়তলা একটি বাড়ি ঘিরে ফেলে।
মধ্যগ্যান্ডা এলাকায় ঘিরে রাখা বাড়িটির দোতলা পর্যন্ত নির্মাণ শেষ হয়েছে। নিচতলার এক ভাড়াটে নারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দোতলার ফ্ল্যাটের একটিতে পাঁচ থেকে ছয়জন তরুণ থাকতেন। আরেক ফ্ল্যাটে থাকতেন এক যুবক ও দুই নারী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ওই ফ্ল্যাটে গিয়ে দুই নারীর সঙ্গে কথা বলতে গেলে তাঁরা খুব একটা আগ্রহ দেখাননি। বাসায় জড়ো করে রাখা কার্টন দেখে তিনি এর ভেতরে কী আছে জানতে চান। দুই নারী জানান, তাঁরা কাচের চুড়ির ব্যবসা করেন। নিচতলার ওই ভাড়াটে চুড়ি দেখতে চাইলে তাঁরা খুব বিরক্তি প্রকাশ করে তাঁকে চলে যেতে বলেন।
ওই বাড়িটির মালিক সাকিব আহমেদ অলক। তাঁর বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। তিনি বলেন, চলতি মাসেই বাসা ভাড়া নেন মোসলেম নামের এক ব্যক্তি। মোসলেম বলেছিলেন, তাঁর বাড়ি নোয়াখালীতে। ৮ মে মোসলেম বাসায় ওঠেন। ব্যস্ততার কারণে মোসলেমের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নিতে পারেননি তিনি।
আরও পড়ুন...
সাভারে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের চূড়ান্ত প্রস্তুতি
সাভারে ‘জঙ্গি আস্তানা’, পৌঁছেছে বোমা নিষ্ক্রিয়কারী দল
সাভারে ‘জঙ্গি আস্তানায়’ ভয়াবহ বিস্ফোরণ