সাভারে 'প্রতারক' সোহেল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি প্যাথলজির মালিকের বিরুদ্ধে এক নারীর গর্ভপাত ঘটানোর অভিযোগ তুলে তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিলেন মফিজুর রহমান ওরফে সোহেল নামের কথিত এক সাংবাদিক। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই প্রতিষ্ঠানের মালিক মহসিন উদ্দিনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করে তা পত্রিকায় প্রকাশের হুমকি দেওয়া হয়।
মানসম্মানের ভয়ে সোহেলকে মহসিন ২০ হাজার টাকা দিতে বাধ্য হন। এর কয়েক দিন পর আরও এক নারীকে নিয়ে গিয়ে একই রকম ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করা হয়। অবশেষে নিরুপায় হয়ে তিনি থানায় অভিযোগ করলে গতকাল রোববার সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
শুধু মহসিনই নন, সাভারের অনেক প্রতিষ্ঠানের মালিক ও ব্যক্তি ওই সোহেল চক্রের কাছে নানাভাবে প্রতারিত হয়েছেন। অপহরণের পর মুক্তিপণের জন্যও অপহৃতকে নির্যাতন করা হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এসব অপকর্ম করলেও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, সোহেলের বাড়ি গোপালগঞ্জে। তিনি পুলিশে চাকরি করতেন। চুরির দায়ে চাকরি যাওয়ার পর থেকে তিনি সাভারে বসবাস করছেন। প্রথমে বিভিন্ন বাসাবাড়িতে দারোয়ানের কাজ করলেও বছর তিনেক ধরে তিনি বিভিন্ন অখ্যাত পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে লোকজনকে প্রতারিত করে চাঁদাবাজি শুরু করেন। এসব কাজে ব্যবহার করেন কয়েকজন নারীকে। সাভার বাসস্ট্যান্ডের অদূরে মজিদপুর মহল্লায় তাঁর কার্যালয় রয়েছে; যা তিনি সন্ধ্যাবাণীর ব্যুরো কার্যালয় হিসেবে ব্যবহার করছেন।
মহসিন জানান, দুই নারীকে নিয়ে সোহেল ২ মার্চ বিকেলে তাঁর প্রতিষ্ঠানে যান। তিনি নিজেকে সন্ধ্যাবাণীর সাংবাদিক পরিচয় দিয়ে তাঁর কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেন। এরপর নারীকে দিয়ে ফাঁসানোর হুমকি দিয়ে টাকা দাবি করেন। এ ঘটনায় গত শনিবার সাভার মডেল থানায় মামলা করলে গতকাল বিকেলে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
সাভার পৌর এলাকার জালেশ্বর মহল্লার ব্যবসায়ী গোপাল মণ্ডলের স্ত্রী লক্ষ্মী রানী মণ্ডল জানান, জালেশ্বর মহল্লায় স্বপ্না ফার্মেসি নামে তাঁদের একটি ওষুধের দোকান রয়েছে। ওই দোকান থেকে গত ২৪ ফেব্রুয়ারি সোহেল তাঁর স্বামীকে অপহরণ করে সন্ধ্যাবাণীর কার্যালয়ে নিয়ে যান। এরপর মারধরের পর হত্যার হুমকি দিয়ে তাঁর স্বামীকে দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ২০ হাজার টাকায় রফা করে টাকা দেওয়ার টোপ ফেলে পুলিশ নিয়ে তাঁকে ওই কার্যালয় থেকে উদ্ধার করা হয়। কিন্তু পুলিশ অপহরণকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাঁর স্বামীকে ছেড়ে দেয়।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী আলতাফ হোসেন জানান, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে এক পক্ষের হয়ে সোহেল তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় সোহেল সন্ধ্যাবাণীতে তাঁর বিরুদ্ধে আপত্তিকর সংবাদ প্রকাশ করেন। এ ব্যাপারে গত ১৯ জানুয়ারি তিনি থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশ সোহেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
সাভারের নামা বাজারের ব্যবসায়ীরা জানান, মাস খানেক আগে সোহেল স্বর্ণপট্টিতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে তাঁরা সোহেলকে আটক করে ওসি মোতালেব হোসেন মিয়াকে জানান। কিন্তু ওসি সোহেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, সোহেলের সঙ্গে যুবলীগ কেন্দ্রীয় কমিটির এক নেতার সখ্য রয়েছে। ওই নেতার সঙ্গে ছবি দিয়ে তিনি সাভারের অলিগলিতে অনেক বিলবোর্ডও দিয়েছেন। নেতার জন্য পুলিশ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পায়।
এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি মোতালেব হোসেন মিয়া জানান, সোহেলের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। বেশ কিছুদিন ধরেই তাঁকে আইনের আওতায় নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।