সামনের ফুটপাত আবার বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত বেদখল হতে শুরু করেছে। ইতিমধ্যেই হাসপাতালের বহির্বিভাগের সামনের ফুটপাত দখল হয়ে গেছে। বছর খানেক আগে হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করা হয়েছিল।

এর আগে দীর্ঘদিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তার দুই পাশের ফুটপাতে কয়েক শ দোকান বসত। রাস্তার দুই পাশ দখল করেছিল লাশ বহনকারী মাইক্রোবাসগুলো। এমনকি জরুরি বিভাগের সামনের ফটক বন্ধ করে দিয়ে তার সামনেই দোকান বসানো হয়েছিল। এ ব্যাপারে গত বছরের ১২ মার্চ প্রথম আলোয় ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল: জরুরি বিভাগের সামনের রাস্তা বেদখল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ফুটপাত থেকে দোকানগুলো উচ্ছেদ করা হয়। ফটকও খুলে দেওয়া হয়। সম্প্রতি আবার সেই ফুটপাত দখল হওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে হাসপাতালের বহির্বিভাগের সামনে উত্তর পাশের ফুটপাতের ওপর ২২টি দোকান বসেছে। ফুটপাতের নিচ দিয়ে আরও আটটি দোকান বসেছে ভ্যানের ওপর। জরুরি বিভাগের সামনে রাস্তার দক্ষিণ পাশের ফুটপাতের ওপর ইতিমধ্যে একটি সেলুনসহ সাত-আটটি ভ্রাম্যমাণ দোকান বসে গেছে। আর রাস্তার দুই পাশে লাশবাহী গাড়ির সারি সারা দিনই থাকছে।

হাসপাতালের বহির্বিভাগের প্রথম দোকানটি ফলের। ১০ সেপ্টেম্বর ওই দোকানে গিয়ে আনন্দ কুমার নামের এক ব্যক্তিকে পাওয়া যায়। ফুটপাতে দোকান বসানোর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তিনি দোকানের মালিক নন, মালিকের নাম শুভ। তাঁর বাড়ি নগরের ঘোষপাড়ায়। তিনি এ ব্যাপারে বলতে পারবেন।

ফুটপাতের ওপর চুলা জ্বেলে চা বিক্রি করছেন নগরের কাজীহাটা এলাকার রিপন আলী। ফুটপাতের ব্যবসার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, তুলে দিয়েছিল। আবার এসেছেন। তুলে দিলে আবার উঠে যাবেন। প্লাস্টিক সামগ্রীর দোকান নিয়ে বসেছেন নগরের ঝাউতলার ব্যবসায়ী লিটন। তিনি বলেন, তাঁরা ভাঙা-গড়ার মধ্যেই আছেন। তুলে দিলে চলে যান, আবার আসেন।

গতকালও দোকানগুলো দেখা যায়। সামনে ক্রেতাদের ভিড় ঠেলে রোগী ও স্বজনদের হাসপাতালের বহির্বিভাগে ঢুকতে হচ্ছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালাউদ্দিন বলেন, অবস্থা দেখে মনে হয় না যে নগরবাসীর এই ফুটপাত ধরে হেঁটে যাওয়ার অধিকার আছে। কিছুদিন আগে যখন দখলমুক্ত ছিল, তখন স্কুলের শিক্ষার্থীরাও এই ফুটপাত ধরে হেঁটে যেত। আস্তে আস্তে সেই পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বলেন, দুই-তিন সপ্তাহ আগে তাঁরা একবার উচ্ছেদ করেছেন। আবার যদি বসে তাহলে আবার ব্যবস্থা নেবেন।