সামাজিক বনায়নের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কুজিশহর-মণ্ডলাদাম সড়কের সামাজিক বনায়নের ১০৬টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোরে চক্রটি ওই সড়কের গাছ কাটা শুরু করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে কাটা গাছ ফেলে পালায় দুর্বৃত্তরা। পরে পুলিশ সড়কের পাশ থেকে ১০৬টি গাছের টুকরা জব্দ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক বনায়নের আওতায় রুহিয়া সামাজিক বনায়ন উপকারভোগী সমিতি ২০০৬-০৭ সালের দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কুজিশহর-মণ্ডলাদাম সড়কের দুই পাশে কয়েক হাজার বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে। কাটার উপযুক্ত হলে নিলাম-প্রক্রিয়ায় গাছগুলো বিক্রি করার কথা। গতকাল ভোরে চক্রটি আবারও গাছ কাটা শুরু করে। খবর পেয়ে পুলিশ সকাল সাতটার দিকে সেখানে গেলে কাটা গাছ ফেলেই পালায় দুর্বৃত্তরা।
সরেজমিনে সকালে দেখা গেছে, রাস্তার দুই পাশে কাটা অবস্থায় পড়ে রয়েছে ইউক্যালিপটাসের খণ্ড খণ্ড টুকরা।
মণ্ডলাদাম গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, ‘ভোর থেকে দেখছি, ২৫-৩০ জন লোক একের পর এক রাস্তার পাশের গাছ কাটছেন। সে সময় জানতে চাইলে তাঁরা জানান, নিলামের মাধ্যমে তাঁরা এসব গাছ কিনে নিয়েছেন। পরে পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় বুঝতে পারি, তাঁরা গাছগুলো অবৈধভাবে কাটছিলেন।’
গাছ উদ্ধারকারী দলের সদস্য ভূমি কার্যালয়ের তহশিল কর্মকর্তা মন্তাজ আলী বলেন, গাছ কাটার পরপরই বেশ কিছু খণ্ড সরিয়ে ফেলা হলেও ২২টি গাছের ১০৬টি খণ্ড জব্দ করা হয়েছে।