নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর-চরজব্বার সড়কের পাশ থেকে সামাজিক বনায়নের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। গত ছয়-সাত মাসে কমপক্ষে ২০০ গাছ কেটে নেওয়া হয়েছে। সপ্তাহ খানেক আগেও সড়কের পূর্ব শুল্লকিয়া এলাকা থেকে দুটি বিশাল ঝাউগাছ কেটে নেয় দুর্বৃত্তরা।
গত রোববার মান্নাননগর চৌরাস্তা থেকে সুবর্ণচরের আবদুল্লাহ মিয়ার হাট এলাকা পর্যন্ত সড়ক ঘুরে দেখা যায়, সড়কের দুই পাশে কমপক্ষে ৩০০ গাছ কেটে ফেলা হয়েছে। অনেক জায়গায় সড়কের দুই পাশের সব গাছ কেটে নেওয়া হয়েছে।
ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লকিয়া এলাকায় কমপক্ষে ৫০টি কাটা গাছের গোড়া দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একটি হ্যাচারির একজন কর্মচারী প্রথম আলোকে বলেন, সপ্তাহ খানেক আগে সড়কের পশ্চিম পাশের একটি ঝাউগাছ রাতে কেটে ফেলে দুর্বৃত্তরা। কাটার পর প্রায় ৫০-৬০ ফুট লম্বা গাছটি হ্যাচারির সীমানাপ্রাচীরের ওপর পড়ে।
পূর্ব শুল্লকিয়া এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার উদ্দিনসহ বেশ কয়েকজন ব্যক্তি সড়কের পাশের গাছ কাটার সঙ্গে জড়িত।
তবে সরকারি গাছ কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আনোয়ার উদ্দিন বলেন, সামাজিকভাবে হেয় করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তিনি বলেন, এলাকার কয়েকজন গাছ ব্যবসায়ী কিছু খারাপ লোককে দিয়ে রাতে সড়কের গাছ কেটে স্থানীয় করাতকলে বিক্রি করেন।
নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসাইন বলেন, তিনি কিছুদিন আগে এখানে যোগ দিয়েছেন। সড়কের পাশের গাছ কেটে নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তিনি শিগগির সড়কটি পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।