সামাজিক বনায়নের ৮০০ গাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের পশ্চিম পাশ থেকে দত্তেরাবাদ ডিউচবি হাট পর্যন্ত সড়কের গাছ লুট করেছেন প্রভাবশালী ব্যক্তিরা। গতকাল উত্তর শরীফাবাদ মৃধা বাড়ির দক্ষিণ পাশ থেকে তোলা ছবি l প্রথম আলো
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের পশ্চিম পাশ থেকে দত্তেরাবাদ ডিউচবি হাট পর্যন্ত সড়কের গাছ লুট করেছেন প্রভাবশালী ব্যক্তিরা। গতকাল উত্তর শরীফাবাদ মৃধা বাড়ির দক্ষিণ পাশ থেকে তোলা ছবি l প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলায় আবারও সামাজিক বনায়নের গাছ লুট হয়েছে। এবার প্রভাবশালী ব্যক্তিরা কেটে নিয়েছেন আট শতাধিক গাছ। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি সহস্রাধিক গাছ কাটা হলেও প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টুঁ শব্দটি করেনি। ফলে আবার গাছ নিধনের ঘটনা ঘটল।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের অধীনে ২০০১-০২ অর্থবছরে গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া ডিগ্রি কলেজের পশ্চিম পাশ থেকে দত্তেরাবাদ ডিএইচবি হাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের পাশে সামাজিক বনায়ন করা হয়। এ সময় রেইনট্রি, মেহগনি, কড়ই, শিশুসহ বিভিন্ন প্রজাতির প্রায় সাত হাজার গাছ লাগানো হয়। মাহিলাড়া ইউনিয়ন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এই বনায়নে যুক্ত ছিল।
সমিতির সভাপতি আনোয়ার হোসেন জানান, তাঁদের ৪০৫ জন সদস্য রয়েছেন, যাঁরা ওই সামাজিক বনায়নের বড় অংশের (৭০ শতাংশ) মালিক। কিন্তু উপজেলার শরিফাবাদ, পশ্চিম শরিফাবাদ, মাহিলাড়া ও দত্তেরাবাদ—এই চারটি গ্রামের শহিদুল ইসলাম, মহিউদ্দিন, মিজানুর রহমান, নাসির উদ্দিন, আবদুল মান্নান মৃধা, ওমর আলী, লাল মিয়া, এসাহাক হোসেনসহ ২৫-৩০ জন ব্যক্তি সম্প্রতি এই সামাজিক বনায়নের ছোট-বড় আট শতাধিক গাছ বিক্রি করে দেন। স্থানীয় গাছ ব্যবসায়ী মো. মহিউদ্দিন, আবদুল জব্বার, মো. শাহীন সরদার, জহিরুল হক, মো. মাহাবুল হক, মেরাজ উদ্দিনসহ ১৫-২০ জন গাছগুলো কেনেন।
দত্তেরাবাদ গ্রামের মিনরুজ্জামান ও শরিফাবাদ গ্রামের আরিফ হোসেনসহ কয়েকজন বলেন, গত কয়েক দিনে নির্বিচারে গাছ কাটেন ক্রেতাদের নিযুক্ত শ্রমিকেরা। এরপর মাহিলাড়া-ছয়গ্রাম খালে ট্রলার ভিড়িয়ে গাছগুলো অন্যত্র নিয়ে যান।
গাছ বিক্রেতা মিজানুর রহমান, নাসির উদ্দিন, আবদুল মান্নান মৃধা, ওমর আলী ও মো. লাল মিয়া দাবি করেন, তাঁরা সরকারি গাছ বিক্রি করেননি। তাঁদের পৈতৃক সম্পত্তিতে লাগানো গাছ বিক্রি করেছেন। আরেকজন এসাহাক হোসেন বলেন, ‘একই এলাকার অনেকেই তাঁদের জমির পাশের সড়কের গাছ বিক্রি করেছেন। ক্রেতারা সেগুলো কেটে নিয়ে গেছেন। কেউ তাতে বাধা দেয়নি। তাই আমিও আমার জমির পাশের গাছ বিক্রি করেছি।’
প্রসঙ্গত, মাহিলাড়া ইউনিয়নের বিল্লগ্রাম হাট ব্রিজের গোড়া থেকে জঙ্গলপট্টি মাদ্রাসা পর্যন্ত সড়কের পাশে করা সামাজিক বনায়নের সহস্রাধিক গাছ ৭ থেকে ১৩ অক্টোবরের মধ্যে নির্বিচারে কাটা হয়। এ বিষয়ে ১৬ অক্টোবর প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এলাকাবাসী জানান, এ ঘটনায় কোনো ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, বন বিভাগ বা উপজেলা প্রশাসনের কেউ আজ পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত করতেও যায়নি।
জানতে চাইলে গৌরনদী উপজেলা বন বিভাগের কর্মকর্তা মণীন্দ্রনাথ হালদার বলেন, সড়কের গাছ কেটে নেওয়ার বিষয়ে কেউই তাঁদের কাছে কোনো অভিযোগ দেয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভাপতি মো. মাহবুব আলম বলেন, কমিটির অনুমোদন ছাড়া সামাজিক বনায়নের গাছ কাটা অবৈধ। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আগের ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন—জানতে চাইলে ইউএনও বলেন, তিনি এলাকার বাইরে ছিলেন।