সাম্প্রদায়িক উসকানির অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কৃত
সনাতন ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে আজ সোমবার সাময়িক বহিষ্কার করা হয়েছে।
ওই ছাত্রলীগ নেতার নাম আরিফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বন ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সম্প্রতি আরিফুলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সনাতন (হিন্দু) ধর্ম নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেওয়া হয়। এ নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। তাই আজ আরিফুল ইসলামকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তা ছাড়া এ ঘটনায় কেন তাঁকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। ১৪ আগস্টের মধ্যে এর জবাব দিতে হবে।
যোগাযোগ করা হলে বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আরিফুলকে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগের করা হলে অারিফুলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় আমার অ্যাকাউন্টের কর্মকাণ্ড সম্পর্কে আমি অবহিত ছিলাম না। ধর্ম নিয়ে কোনো সাম্প্রদায়িক মন্তব্য আমি করিনি। অ্যাকাউন্টের ধর্মীয় সাম্প্রদায়িক মন্তব্য অথবা অন্য কোনো কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’