সাময়িক বরখাস্ত ব্যাংক কর্মকর্তা অপহৃত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে একটি বেসরকারি ব্যাংকের সাময়িক বরখাস্ত কর্মকর্তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের সুলতানাবাদ এলাকা থেকে আক্তারুজ্জামান নামের ওই কর্মকর্তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় নগরের বোয়ালিয়া থানায় মামলা হয়েছে।
আক্তারুজ্জামান এক্সিম ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। তাঁর বাড়ি রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকায়। অপহরণের ঘটনায় তাঁর বাবা আফছার উদ্দিন বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় মামলা করেন।
এজাহার সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে আক্তারুজ্জামান নগরের নিউমার্কেটের পাশে সুলতানাবাদ এলাকায় নন্দিতা প্রিন্টিং প্রেসে বসে চা পান করছিলেন। একপর্যায়ে একটি সাদা মাইক্রোবাস ওই ছাপাখানার সামনে গিয়ে থামে। মাইক্রোবাসের লোকজন আক্তারুজ্জামান টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, আক্তারুজ্জামান এক্সিম ব্যাংকের রাজশাহী শাখার প্রথম ব্যবস্থাপক ছিলেন। পরে এখান থেকে কুষ্টিয়া, বগুড়া ও পরে রাজশাহীতে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। এ অবস্থায় পাঁচ-ছয় মাস আগে তাঁকে সাময়িক বরখাস্ত করে প্রধান কার্যালয়ে ‘ক্লোজড’ করা হয়। এর প্রতিবাদে তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ নয়জন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ জন্য তিনি আর প্রধান কার্যালয়ে যোগদান করেননি। সম্প্রতি মামলার শুনানি হয়েছে।
রাজশাহী শাখার বর্তমান ভাইস প্রেসিডেন্ট নুরুল হাবিব প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় আক্তারুজ্জামানের ভাই আবদুল মতিন তাঁকে ফোন করে বলেন, তাঁর ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মতিনের কাছ থেকেই তিনি প্রথম এ ঘটনা শোনেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, ওই ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারে সময় লাগবে। সন্ধ্যার একটু আগে মামলা হয়েছে। তাঁরা উদ্ধারের চেষ্টা করছেন।