সায়েদাবাদে গণছিনতাই
রাজধানীর সায়েদাবাদে গতকাল বৃহস্পতিবার ভোরে গণছিনতাই হয়েছে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে ট্রাফিক পুলিশের এক সদস্য, তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন।
আহত তিনজন হলেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কনস্টেবল মোবারক হোসেন (৩০), তাঁর স্ত্রী সুমি আক্তার (২৪) এবং ঢাকা কলেজের ছাত্র রাশেদ আহমেদ (২২)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, গতকাল ভোরে ১০-১২ জন ব্যক্তি সায়েদাবাদ সেতুর কাছে গণপরিবহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও রড হাতে ১২-১৪ জন দুর্বৃত্ত তাঁদের ওপর চড়াও হয়। দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে ওই ব্যক্তিদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনতাই করে চলে যায়। তাদের পিটুনি ও কোপে কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে ধারালো অস্ত্রের কোপে আহত কনস্টেবল মোবারক, তাঁর স্ত্রী ও রাশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে মোবারক ও তাঁর স্ত্রীকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে আহত ব্যক্তিরা বলেন, কেরানীগঞ্জের আবদুল্লাহপুর থেকে একটি মাইক্রোবাসে করে তাঁরাসহ ১২ জন যাত্রী সায়েদাবাদ সেতুর কাছে এসে নামেন। সেখান থেকে বিভিন্ন গন্তব্যে যেতে পরিবহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ছিনতাইকারীরা অতর্কিতে হামলা চালিয়ে তাঁদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে যায়।