সারা দেশে ছয়জনকে গ্রেপ্তার দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সরকারি কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ার, ব্যাংকার রয়েছেন।

প্রকল্পের ৩৯ দশমিক ৭৫৩ মেট্রিক টন গম বা ১২ লাখ ৮৮ হাজার ৭২৪ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়েছেন জামালপুরের সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৈয়দ মুনিরুল ইসলাম। প্রকল্পের কাজ না করে ওই পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতির পাঁচটি মামলা রয়েছে। দুদকের টাঙ্গাইল জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. তৌফিকুল ইসলামের নেতৃত্বে সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডল টাঙ্গাইল সদরের দেওলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

১৯৯৮ সালের এক মামলায় কুষ্টিয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক হিসাবরক্ষক শেখ সাফায়েত হোসেনকে আজ গ্রেপ্তার করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় রামচন্দ্র রায় চৌধুরী (আরআরসি) সড়কের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন দুদকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক রবীন্দ্রনাথ দাস। শেখ সাফায়েত হোসেন কুষ্টিয়া এলজিইডিতে কর্মরত অবস্থায় চেক, চেকের অ্যাডভাইজ, ক্যাশ বহি এবং চেকের রেজিস্ট্রার লেখার এবং প্রতি মাসে ব্যাংক রিকনসিলিয়েশন করার দায়িত্বে নিয়োজিত ছিলেন। কিন্তু তিনি দায়িত্ব পালন না করে ব্যাংক থেকে ১৭ লাখ ৫২ হাজার ৭০২ টাকা আত্মসাৎ করেন।

২০১৪ সালে সিরাজগঞ্জ থানায় করা একটি মামলায় পাবনা থেকে দুজনকে গ্রেপ্তার করেছেন দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ কালেক্টরেটের এলএ শাখার তৎকালীন কানুনগো (বর্তমানে ঠাকুরগাঁও সদরের সহকারী সেটেলমেন্ট অফিসার) আমিনুল ইসলাম এবং সিরাজগঞ্জ কালেক্টরেটের এলএ শাখার তৎকালীন সার্ভেয়ার (বর্তমানে বগুড়া কালেক্টরেটের কানুনগো) কাজী আবু হেনা মোস্তফা কামাল। সিরাজগঞ্জে থাকাকালে এ দুজনের বিরুদ্ধে ৫ লাখ ২০ হাজার ৬৯০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়।

ব্যাংক গ্যারান্টির চেক প্রতারণা করে উত্তোলনের মাধ্যমে আত্মসাতের অভিযোগের মামলায় পূবালী ব্যাংকের বগুড়া সাতমাথা শাখার ক্যাশ অফিসার মো. শামিম সরকারকে গ্রেপ্তার করেছেন দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম। তাঁর বিরুদ্ধে এ বছরের মার্চে বগুড়া সদর থানায় একটি মামলা করে দুদক।

৩৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ সদর থানায় করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন সাজন মিয়া নামের এক ব্যক্তি। গত বছরের ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে মামলাটি হয়।