সারা দেশে সাড়ে ১২ মেট্রিক টন ইলিশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর প্রধান প্রজনন মৌসুমে ইলিশের অবাধ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।
গত কয়েক দিনে অভিযানে সারা দেশে সাড়ে ১২ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ প্রথম আলোকে এ তথ্য জানান।
মৎস্য অধিদপ্তর জানায়, মাঠ পর্যায় থেকে প্রাপ্ত রিপোর্ট অনুসারে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত সারা দেশে ৩৫৮৫টি অভিযান পরিচালিত হয়েছে। ৩০৫টি অবতরণকেন্দ্র, ১৯৭৩টি মাছঘাট, ৯৮৩১টি আড়ত ও ১২৯৫০টি বাজার পরিদর্শন করা হয়েছে। অভিযানকালে সাড়ে ১২ মেট্রিক টন ইলিশ এবং ৮২ দশমিক ৩৪ লাখ মিটার জাল জব্দ করা হয়। আটক করা ইলিশ বিভিন্ন এতিমখানা মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিনা মূল্যে বিতরণ করা হয়।
২৮৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ইলিশ আহরণ ও বিক্রয়ের অভিযোগে ২২৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান এবং প্রায় ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ২২ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
ইলিশের বিচরণক্ষেত্র হিসেবে বিবেচিত ২৯ জেলার ১৪৯ উপজেলায় সকল নদ-নদী, সাগর মোহনা এবং তৎসংলগ্ন এলাকায় মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, নৌপুলিশ ও র্যাবের সহায়তায় সার্বক্ষণিক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। সারা দেশে আড়ত, মাছঘাট ও বাজারগুলোতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।