সারা দেশে হামলার পরিকল্পনা ছিল একিউআইএসের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস) বাংলাদেশের প্রধান সমন্বয়ক, উপদেষ্টা ও ১০ জন সক্রিয় সদস্যসহ মোট ১২ জনকে গ্রেপ্তারের দাবি করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, ঈদের পর রাজধানীতে এবং পরে সারা দেশে হামলার পরিকল্পনা ছিল সংগঠনটির।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভাষ্য, র‌্যাব-৪-এর একটি দল গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর সদরঘাট থেকে একিউআইএসের বাংলাদেশের প্রধান সমন্বয়কারী মাওলানা মাইনুল ইসলাম ওরফে মাহিম ওরফে নানা, ওরফে বদিউল, একিউআইএসের বাংলাদেশের উপদেষ্টা মুফতি জাফর আমিন ওরফে সালমান, সক্রিয় সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম, মো. মোশাররফ হোসেন ও আবদুর রহমান বেপারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একিউআইএসের সক্রিয় সদস্য আল আমিন ওরফে ইব্রাহিম, মোজাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম ও মো. হাবিব উল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর-১-এর ৯ নম্বর ওয়ার্ডের ৬৮ নম্বর বর্ধনবাড়ির ভাড়া করা বাসায় অবস্থানকারী মো. শহিদুল ইসলাম ও আলতাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাইনুল ইসলাম একিউআইএসের বাংলাদেশ শাখার প্রধান সমন্বয়ক এবং জাফর আমিন উপদেষ্টা। এটি ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার শাখা। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের অন্য ১০ জন সংগঠনটির সক্রিয় সদস্য। ঈদুল ফিতরের পর রাজধানীতে হামলার পরিকল্পনা ছিল এই সংগঠনের। এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি মাইনুদ্দিনসহ বেশ কয়েকজনকে ছাড়িয়ে আনতে কারাগার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরিকল্পনা ছিল তাদের। পরে সংগঠনটি একসঙ্গে সারা দেশে হামলার পরিকল্পনা করেছিল বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। তাদের এসব পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল, মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ কয়েকটি এলাকা নিয়ে ইসলামি রাষ্ট্র গঠন করা।

মুফতি মাহমুদ খানের দাবি, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সালফার অ্যাসিড, গন্ধক, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম অ্যামোনিয়াম নাইট্রেটসহ বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য, বিস্ফোরক ডিভাইস, বোমা তৈরির সরঞ্জাম, বিভিন্ন ধরনের ছোট অস্ত্র, জিহাদি বই, মোবাইল, ব্যাংকের চেক উদ্ধার করা হয়।