সারা দেশে ৬ জনকে গ্রেপ্তার দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সরকারি কর্মকর্তা ও ব্যাংকার রয়েছেন।
প্রকল্পের প্রায় ৪০ মেট্রিক টন গম অর্থাৎ প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়েছেন জামালপুরের সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৈয়দ মুনিরুল ইসলাম। তাঁর বিরুদ্ধে দুর্নীতির পাঁচটি মামলা রয়েছে।
১৯৯৮ সালের এক মামলায় কুষ্টিয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক হিসাবরক্ষক শেখ সাফায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া এলজিইডিতে কর্মরত অবস্থায় সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
২০১৪ সালে সিরাজগঞ্জ থানায় করা একটি মামলায় পাবনা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে দুদক। তাঁরা হলেন সিরাজগঞ্জ কালেক্টরেটের তৎকালীন কানুনগো (এখন ঠাকুরগাঁও সদরের সহকারী সেটেলমেন্ট অফিসার) আমিনুল ইসলাম এবং তৎকালীন সার্ভেয়ার (বর্তমানে বগুড়া কালেক্টরেটের কানুনগো) কাজী আবু হেনা মোস্তফা কামাল। দুজনের বিরুদ্ধে ৫ লাখ ২০ হাজার ৬৯০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়।
ব্যাংক গ্যারান্টির চেক প্রতারণা করে উত্তোলনের মাধ্যমে আত্মসাতের অভিযোগে করা মামলায় পূবালী ব্যাংকের বগুড়া সাতমাথা শাখার ক্যাশ অফিসার মো. শামিম সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ সদর থানায় করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন জনৈক সাজন মিয়া।