বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার মেয়র ও সম্প্রতি দল থেকে অব্যাহতি দেওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহীর বাসভবনে দিনদুপুরে হামলা চালানো হয়েছে। হামলাকারী ব্যক্তিরা বাসভবনের দরজা-জানালা ও একটি মোটরসাইকেল ভাঙচুরের পর আসবাবপত্র অগ্নিসংযোগ করে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে পৌর এলাকার হিন্দুকান্দি এলাকার বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।
আলমগীর শাহীর অভিযোগ, পূর্ববিরোধের জের ধরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নানের ছোট ভাই জাহিদুল ইসলাম ওরফে রাজুর নেতৃত্বে ১৫-২০ জন লোক এই হামলা চালিয়েছে।
তবে একাধিকবার চেষ্টা করেও ফোন না ধরায় জাহিদুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাংসদ আবদুল মান্নানের আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত আলমগীর শাহী মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে সাংসদ ও তাঁর পরিবারের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে। ওই বিরোধের জের ধরে সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আলমগীর শাহীকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়ে তা কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়।
এদিকে সাংসদ-সমর্থিত দলের এক নেতা আলমগীর শাহীর বিরুদ্ধে পৌরসভা ভবন নির্মাণের জমি কেনায় দুর্নীতির অভিযোগ এনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ করেন। ৮ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বগুড়ার উপপরিচালক বিষয়টি সরেজমিনে তদন্ত করেন। এ নিয়ে সাংসদ সমর্থকদের সঙ্গে আলমগীর শাহীর সম্পর্কে চরম অবনতি ঘটে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওয়াহেদুজ্জামান বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদুল ইসলামসহ তাঁর কর্মীরা আকিল মিয়া নামের পৌর মেয়রের এক কর্মীকে খুঁজতে থাকেন। মেয়রের বাসায় আকিল লুকিয়ে থাকতে পারে, এমন সন্দেহে তাঁরা সেখানে যান। একপর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল কর্মীরা বাসায় ইটপাটকেল মেরে দরজা জানালা ভাঙচুর করেন।
আলমগীর শাহী বলেন, তিনি ওই সময় বাসায় ছিলেন না। অসুস্থ স্ত্রীকে চিকিৎসক দেখাতে তিনি রংপুরে অবস্থান করছিলেন। বাসায় ছিলেন তাঁর শ্যালক ও তাঁর স্ত্রী সারিয়াকান্দি ডিগ্রি কলেজের প্রভাষক শাহানাজ পারভীন।
শাহানাজ পারভীন বলেন, বিকেলে তিনি খাবার কক্ষে অবস্থান করছিলেন। এ সময় সাংসদের ভাই জাহিদুল ইসলামের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক ফটক ভেঙে বাসায় প্রবেশ করে মেয়রকে খুঁজতে থাকে। একপর্যায়ে তারা এলোপাতাড়ি বাসার দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাসার ভেতরে রাখা একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পরে ঘরের সোফাসহ আসবাবপত্রে হামলাকারীরা আগুন ধরিয়ে দেয়।