সারোয়ার-তামিম গ্রুপের সন্দেহভাজন ১০ জন গ্রেপ্তার
জঙ্গি তৎপরতার অভিযোগে রাজধানী থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর উত্তরা ও কলাবাগান থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৪। র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য।
আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। সংবাদ ব্রিফিং করেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান।
এই ১০ জন হলেন কৌশিক আদনান, জান্নাতুল মহল, আ. রহমান, আল মিজানুর রশিদ, জিয়াউর রহমান, আবু সাদাত মো. সুলতান আল রাজী, মো. মিরাজ আলী, শরিফুল ইসলাম, মো. শাহরিয়া ওয়াজেদ ও মিজানুর রহমান। তাঁদের মধ্যে তিনজন রাজধানীর উত্তরার ধর্মভিত্তিক ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান লাইফ স্কুলের বর্তমান অধ্যক্ষ মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম ও তাঁর ভাগনে জিয়াউর রহমানকে আজ সকালে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছিল পরিবার।
ব্রিফিংয়ে জানানো হয়, লাইফ স্কুল থেকে দাওয়াতি কার্যক্রম চালানো হতো। এর সঙ্গে মূলত শরিফুল ইসলাম যুক্ত ছিলেন। যাঁরা বিভিন্ন অভিযানে আটক হয়েছেন বা মারা গেছেন, তাঁদের প্রভাবিত করার কাজটি করতেন তিনি।