
গত ১৪ মাসে গুলশানের হলি আর্টিজানসহ সারা দেশে যে ২২টি জঙ্গি হামলা হয়েছে, তার নেতৃত্ব দিয়েছেন সারোয়ার জাহান। র্যাব জানিয়েছে, এই সারোয়ার জাহানই নব্য জেএমবির প্রধান (আমির)। তাঁর সাংগঠনিক নাম ‘শাইখ আবু ইব্রাহিম আল হানিফ’।
গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এসব তথ্য উল্লেখ করে বলেন, আশুলিয়ায় র্যাবের অভিযান চলাকালে ৮ অক্টোবর পাঁচতলা থেকে পড়ে প্রাণ হারানো লোকটি হলেন সারোয়ার জাহান (৩৫)। যদিও তখন তাঁর নাম আবদুর রহমান বলা হয়েছিল।
গতকাল সারোয়ার জাহানের আসল পরিচয় প্রকাশ এবং ২৮ লাখ টাকাসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে র্যাবের মিডিয়া সেন্টারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বলেন, নিহত সারোয়ারের নির্দেশে চালানো এসব হামলায় ৪০ জন নিহত হয়েছেন। এই ২২টি হামলার মধ্যে ২১টি ঘটনার দায় স্বীকার করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। গত বছরের সেপ্টেম্বরে নব্য জেএমবির আমির হিসেবে শপথ পাঠ করানোর (বায়াত দেওয়ার) ক্ষমতাপ্রাপ্ত হন সারোয়ার। এরপরে তাঁর নেতৃত্বে প্রথম হামলার শিকার হন ইতালির নাগরিক সিজার তাবেলা।

তাবেলা হত্যা মামলার তদন্ত শেষে চলতি বছরের ২৮ জুন অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সেই মামলায় বিএনপির নেতা আবদুল কাইয়ুম, তাঁর ভাইসহ সাতজনকে অভিযুক্ত করা হয়। মামলাটির বিচারপ্রক্রিয়াও শুরু হয়ে গেছে। কাইয়ুমকে পলাতক দেখানো হয়েছে। আর হত্যার ঘটনার অস্ত্র সরবরাহকারী হিসেবে যাকে অভিযুক্ত করা হয়েছে, সেই মো. সোহেল নিখোঁজ। তবে সোহেলের পরিবারের অভিযোগ, গত বছরের ১৬ অক্টোবর সোহেলকে বাসা থেকে ধরে নিয়ে যায় ডিবি পরিচয় দেওয়া একদল লোক।
র্যাবের গতকালের বক্তব্যে সারোয়ারকে সিজার তাবেলা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ পুলিশের তদন্তে পাওয়া তথ্যের সঙ্গে সাংঘর্ষিক কি না, জানতে চাইলে ওই হত্যা মামলার তদন্ত তদারককারী কর্মকর্তা ঢাকা মহানগর ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছি। আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন। বিচারপ্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এ বিষয়ে এর বেশি আমাদের আর কিছুই বলার নেই।’
আবু হানিফ ও আবু দুজানা
তাবেলা হত্যাকাণ্ডের পরে এর দায় স্বীকার করে বাংলাদেশে আলোচনায় আসে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আইএসের সাময়িকী দাবিক-এর গত এপ্রিল সংখ্যায় সংগঠনটির বাংলাদেশের প্রধান হিসেবে ‘আবু ইব্রাহিম আল হানিফ’ নামে একজনের সাক্ষাৎকার ছাপা হয়। তারপর থেকেই এই কথিত আবু ইব্রাহিম আসলে কে, তা নিয়ে আলোচনা শুরু হয়। এরপরে বাংলাদেশের একটি ইংরেজি পত্রিকাকে উদ্ধৃত করে কানাডার পত্রিকায় খবর ছাপা হয় যে, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীই বাংলাদেশে আইএসের প্রধান। যদিও বাংলাদেশের সরকার বরাবরই এ দেশে আইএসের অস্তিত্ব অস্বীকার করে আসছে। নিজেদের আইএস দাবি করা এই জঙ্গিদের নব্য জেএমবি বলছে পুলিশ ও র্যাব। সর্বশেষ গত ২৮ আগস্ট নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে তামিম চৌধুরী নিহত হওয়ার গত মাসে আইএসের কথিত সাময়িকী রুমাইয়াহ-এর দ্বিতীয় সংস্করণে তামিম চৌধুরীর একটি লেখা ছাপা হয়। সেখানে তাঁর সাংগঠনিক নাম লেখা রয়েছে আবু দুজানা আল বেঙ্গলি, পদবি লেখা রয়েছে সামরিক ও গুপ্ত অপারেশন শাখার সাবেক প্রধান।
গতকাল র্যাব মহাপরিচালক বলেন, তদন্তে তাঁরা নিশ্চিত হয়েছেন, তামিম নয়, সারোয়ার জাহানই নব্য জেএমবির প্রধান ছিলেন। তামিম চৌধুরীসহ অন্যদের তিনিই (সারোয়ার) নির্দেশনা দিতেন। তবে তাঁদের কারও সঙ্গেই আইএসের সরাসরি কোনো যোগাযোগের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন মহাপরিচালক।
যেভাবে নিশ্চিত হলো র্যাব
র্যাব জানিয়েছে, ৮ অক্টোবর আশুলিয়ায় সারোয়ারের বাসায় অভিযানের সময় প্রচুর সাংগঠনিক চিঠি ও কাগজপত্র উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ছিল নব্য জেএমবি গঠনের একটি ঘোষণাপত্রও, যাতে ‘আবু ইব্রাহিম আল হানিফ’ এবং ‘আবু দুজানা’ নামে দুজনের স্বাক্ষর রয়েছে। ওই ঘোষণাপত্রে সংগঠনের আমির ঘোষণা করা হয় আবু ইব্রাহিমকে। আর আবু দুজানা বা তামিম চৌধুরীকে এখানে জুনুদ আত তাওহীদ নামে একটি সংগঠনের প্রধান হিসেবে বলা হয়েছে। গত বছরের ২১ জুলাই এই ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। তখন থেকে চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত আবু হানিফ নামে ৯টি চিঠি সংগঠনের বিভিন্ন পর্যায়ে বিতরণ ও ১০টি চিঠি গ্রহণ করা হয়েছে। আরও কিছু দলিল পাওয়া গেছে। যার ভিত্তিতে র্যাব নিশ্চিত যে সারোয়ারই নব্য জেএমবির কথিত প্রধান আবু ইব্রাহিম।
র্যাবের মহাপরিচালক বলেন, তামিম কানাডা থেকে ফিরে জুনুদ আত তাওহীদ গঠন করেন। আর গত বছর সারোয়ারের নেতৃত্বাধীন জেএমবির সঙ্গে একত্র হয়ে তাঁরা গঠন করেন নব্য জেএমবি। সারোয়ারের নির্দেশেই তাঁরা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা শুরু করেন। গত বছরের ৩০ আগস্ট চট্টগ্রামে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই এবং ৪ সেপ্টেম্বর কথিত লেংটা পীর ও আরেকজনকে হত্যা করা হয়। সফলভাবে এ অভিযান পরিচালনা করায় জেএমবির শুরা সদস্যরা সারোয়ারকে বায়াত দেওয়ার (শপথ পাঠ করানোর) অনুমতি দেন। একই সঙ্গে তাঁরা হুজি, পুরোনো জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনগুলোর সঙ্গেও যোগাযোগ করেন। কিন্তু তাঁরা এক হতে পারেননি।
র্যাবের মহাপরিচালক বলেন, এই সংগঠনে চাঁদা (ইয়ানত) দেওয়া ছিল বাধ্যতামূলক। দেশের ভেতর ও বাইরে থেকে সংগ্রহ করা ইয়ানতের টাকা সারোয়ারের কাছে থাকত। এর মধ্যে ৩০ লাখ টাকা তাঁর বাসা থেকে উদ্ধার করা হয়। তিনি বিভিন্ন ‘স্লিপার সেলে’ টাকা বিতরণ করতেন।
এ ছাড়া তাঁর মুঠোফোন ও অন্যান্য যোগাযোগমাধ্যমে বিভিন্নজনের সঙ্গে খুদে বার্তার মাধ্যমে যোগাযোগের প্রমাণ মিলেছে। সংবাদ সম্মেলনে সারোয়ারের আশুলিয়ার বাসা থেকে পাওয়া একটি হামলার লিখিত পরিকল্পনাও দেখানো হয়। এ ছাড়া তাঁর বাসায় অনেকগুলো সাংগঠনিক প্রতিবেদনও পাওয়া গেছে।
চিঠির সূত্র ধরে দুজন গ্রেপ্তার
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ৮ অক্টোবরের অভিযানে সারোয়ারের আশুলিয়ার বাসায় একটি চিঠি পাওয়া যায়। এর একটি চিঠিতে দেখা যাচ্ছে, যেখানে নয়ন নামে একজনের কাছে চিকিৎসক রোকন ৭০ লাখ টাকার হিসাব দিয়ে একটি চিঠি লেখেন। ঢাকার চিকিৎসক খন্দকার রোকনউদ্দীন নিজের বাড়ি বিক্রির ৭০ লাখ টাকা নব্য জেএমবিকে দিয়ে পরিবারের আরও চার সদস্যসহ সিরিয়ায় যান। ওই চিঠিতে বলা হয়, হাসান ও নয়নের কাছে আছে ৩৩ লাখ টাকা। পরে র্যাব নয়ন ও হাসানকে গ্রেপ্তার করে। নয়নের পুরো নাম নাফিস আহমেদ নয়ন, তিনি রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী। আর হাসানের পুরো নাম হাসিবুল হাসান, মতিঝিলে অ্যাসোসিয়েট এক্সচেঞ্জ নামে তাঁর একটি প্রতিষ্ঠান রয়েছে। ‘ফজলি আম’ সাংকেতিক নামের ওই চিঠিতে নিহত এক জঙ্গির বোনসহ কয়েকজনকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। ওই চিঠির সূত্র ধরে ২০ অক্টোবর রাতে হাসান ও নয়নকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। ওই ৩৩ লাখ টাকার মধ্যে নয়নের কাছ থেকে ২৮ লাখ টাকা উদ্ধার করা হয়। তবে রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, ১১ অক্টোবর প্রকৌশলী নয়নকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।
১৭ বছর ধরে জেএমবিতে
র্যাব জানায়, ১৯৯৮ সালের পর থেকে সারোয়ার জেএমবির সঙ্গে যুক্ত হন। ২০০৩ সালে জয়পুরহাটের ক্ষেতলালে জেএমবি নেতা বাংলা ভাইয়ের নেতৃত্বে স্থানীয় একদল লোক মনতেজারের বাড়িতে সভা করার সময় পুলিশ ঘিরে ফেললে পুলিশের সঙ্গে তাঁদের গোলাগুলি হয়। ২০০৩ সালে এ মামলায় গ্রেপ্তার হন সারোয়ার। ৯ মাস ৪ দিন কারাভোগের পর জামিন পেয়ে তিনি বাড়িতে যান। তিনি বাংলা ছাড়াও ইংরেজি, আরবি ও উর্দু ভাষায় পারদর্শী।
সারোয়ার জাহানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুসরিভুজা গ্রামে। বাবা আবদুল মান্নান দরজির কাজ করেন। চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কথা বলেছেন সারোয়ারের ভাই কামরুল ইসলামের সঙ্গে। কামরুল বলেন, তাঁর ভাইয়ের পরিচয় নিশ্চিত করার জন্য র্যাব সদস্যরা তাঁকে গত সোমবার রাতে বাড়ি থেকে ধরে নিয়ে যান। র্যাবের কাছ থেকে তিনি জানতে পারেন, নাম বদলে তাঁর ছোট ভাই পাসপোর্ট, ভিসা ও ড্রাইভিং লাইসেন্স করেছেন। টাকার অভাবে সারোয়ারের লাশ দেখার জন্য ঢাকায় আসতে পরেননি তাঁর পিতা।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, ভোলাহাট থানায় সারোয়ার জাহানের নামে কোনো মামলা নেই। জয়পুরহাটের ক্ষেতলাল থানায় পুলিশের ওপর আক্রমণের ঘটনায় তিনি ধরা পড়েন। জামিনে মুক্তির পর থেকে তিনি বাড়ির বাইরে থাকতেন। এলাকার লোক তাঁকে খুব একটা চেনেন না।
কামরুল ইসলাম বলেন, ছোটবেলায় এলাকার হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়ার পর নাচোলের একটি কওমি মাদ্রাসায় ভর্তি হন সারোয়ার। ১৫-১৬ বছর বয়সে বগুড়ায় চলে যান। তখন থেকেই পরিবারবিচ্ছিন্ন ছিলেন তিনি। বগুড়ায় থাকার সময় সারোয়ার জয়পুরহাটের এক মেয়েকে বিয়ে করেন। ওই স্ত্রীর ১১ বছরের একটি মেয়ে ও পাঁচ বছর বয়সী এক ছেলে রয়েছে। ওই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আরেকটি বিয়ে করেন তিনি। এই স্ত্রীর চার বছরের এক ছেলে রয়েছে। স্ত্রী এখন অন্তঃসত্ত্বা।