সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর সবুজবাগ ও ওয়ারী এলাকা থেকে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল বুধবার রাতে ওই এলাকা থেকে র্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন (৩৪) ও লিটনকে (৩৪) গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১১-এর দায়ের করা মামলায় পলাতক দুই আসামিকে ধরতে বুধবার রাতে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সবুজবাগ থানা এলাকা থেকে গিয়াস উদ্দিনকে ও ওয়ারী থানা এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়। গিয়াস উদ্দিন ২০০০ সাল থেকে রাজধানীতে বাবুর্চির কাজ করে আসছিলেন। ২০১২ সালের মাঝামাঝি তিনি জসিম উদ্দিন রাহমানির বাবুর্চি হিসেবে কাজ শুরু করেন। জসিম উদ্দিন রাহমানির উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি জঙ্গিবাদে সম্পৃক্ত হন। পরে আরিফ হোসেনের মাধ্যমে তিনি জেএমবির দাওয়াতপ্রাপ্ত হয়ে সারোয়ার-তামিম গ্রুপে যোগদান করেন। পরে সক্রিয়ভাবে দাওয়াতি কাজ শুরু করেন।
অন্যদিকে লিটন ২০০৫ সালে ঢাকায় এসে প্রথমে নাইটগার্ড এবং পরবর্তী সময়ে নির্মাণশ্রমিকের কাজ করেন। ২০১২ সালে জসিম উদ্দিন রাহমানির মসজিদে যাতায়াত শুরু করেন এবং জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন। ২০১৩ সালে মুনতাসিরের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। পরে ২০১৫ সালে মুনতাসিরের মাধ্যমে জেএমবির দাওয়াতপ্রাপ্ত হয়ে সারোয়ার-তামিম গ্রুপে যোগদান করে দাওয়াতি কাজ শুরু করেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বন্দর ও রূপগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। গ্রেপ্তার দুই জেএমবি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।