সার্কাসের নামে অশ্লীল নাচ, জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরে সার্কাসের নামে অশ্লীল নাচ ও জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। প্রশাসনকে হাত করে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এর আয়োজন করেছেন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সিরাজগঞ্জ ও জামালপুরের সীমান্তবর্তী কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের ব্রাহ্মণজানী বাজারে অবৈধভাবে সার্কাস চালানো হচ্ছে। সার্কাসের নামে চলছে হাউজি, জুয়াসহ বিভিন্ন ধরনের লটারি। এ কারণে টাকাপয়সা খুইয়ে অনেকেই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছেন।
মনসুর নগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহর নেতৃত্বে ক্ষমতাসীন দলের লোকজন এ আসর চালাচ্ছেন। সার্কাসের নামে প্রতিদিনই চলছে অশ্লীল নাচ। সারা রাত মাইক আর বাদ্যযন্ত্রের শব্দে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছেন। এসব কারণে এলাকায় চুরি বেড়েছে। গত শনিবার রাতে চেন্নাই গ্রামের সাধু মিয়ার চারটি ও সকিম মণ্ডলের তিনটি গরু চুরি হয়। এলাকার বেশির ভাগ কিশোর-তরুণের ওপর এর বিরূপ প্রভাব পড়ছে।
এলাকাবাসী সূত্র জানায়, শনিবার রাতে উত্তর কুমারিয়াবাড়ি গ্রামের দোকানদার হাসান আলী জুয়া খেলে টাকাপয়সা হারিয়ে বাড়িতে আসেন। এ নিয়ে স্ত্রী সুজি খাতুনের (৩৫) সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে হাসান তাঁকে মারধর করেন। পরে অভিমানে সুজি খাতুন বিষপানে আত্মহত্যা করেন।
সুজির ভাই কালাম মিয়া বলেন, টাকাপয়সার হিসাব চাওয়ায় সুজিকে মারধর করা হয়। এ ঘটনায় গতকাল রোববার ভোরে তিনি বিষপান করেন। পরে জামালপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যুবলীগের নেতা মো. শহিদুল্লাহ দাবি করেন, ‘এখানে শুধু সার্কাস আর হাউজি চলছে। কোনো অশ্লীল নাচ চলছে না। মন্ত্রী মহোদয় ও উপজেলা প্রশাসনের সঙ্গে মৌখিকভাবে আলোচনা করেই এর আয়োজন করা হয়েছে।’
মনসুর নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ‘স্থানীয় লোকজন উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সার্কাসের আয়োজন করেছেন। সুজি নামের এক গৃহবধূ মারা গেছেন বলে শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত না জেনে কিছু বলা যাবে না।’
কাজীপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, ‘এলাকায় সার্কাসের জন্য মৌখিক অনুমতি নেওয়া হয়েছে বলে শুনেছি। সেখানে জুয়া ও হাউজি চলছে কি না, জানা নেই। এক গৃহবধূ বিষপানে মারা গেছেন বলে জেনেছি। তবে জুয়া খেলা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই। তদন্ত করে বিষয়টি জানা যাবে।’