সার্জেন্টকে মারধর, আ.লীগ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এক সার্জেন্টকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবুল কালাম আজাদ নামের আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভার আয়োজন করা হয়। ওই মাঠের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন গাজীপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট খায়রুল আলম। মাঠে যাতে কোনো মোটরসাইকেল না ঢোকে, তা তদারক করছিলেন খায়রুল। কিন্তু ওই দিন বিকেলে তিনটি মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের কয়েকজন কর্মী মাঠে ঢোকার চেষ্টা করেন। এ সময় খায়রুল তাঁদের বাধা দেন। এরপরও তাঁরা ঢোকার চেষ্টা করলে খায়রুলের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আবুল কালাম আজাদসহ কয়েকজন তাঁকে মারধর করেন। খবর পেয়ে সার্জেন্ট ইন্সপেক্টর জসিম উদ্দিন ঘটনাস্থলে এসে খায়রুলের দেওয়া তথ্যমতে আবুল কালামকে অনুষ্ঠানস্থল থেকে আটক করেন। অন্যরা পালিয়ে যান। খায়রুলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গাজীপুর ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশকে মারধরের অভিযোগে সার্জেট খায়রুল ওই দিন রাতে জয়দেবপুর থানায় মামলা করেন। আবুল কালামকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।