সার্জেন্টের বিরুদ্ধে চালককে পেটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় গতকাল শুক্রবার ট্রাকের এক চালককে পিটিয়ে আহত করা হয়েছে। ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় পুলিশের এক সার্জেন্ট তাঁকে পেটান বলে অভিযোগ করেছেন ওই চালক।
ওই ট্রাকচালকের নাম শফিকুল ইসলাম (৩৫)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাঠি গ্রামের বাসিন্দা। চিকিৎসার জন্য তাঁকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, তিনি গতকাল ভোর পাঁচটার দিকে দৌলতদিয়া বিকল্প সড়কের কাছে পৌঁছামাত্র একটি তোরণের সঙ্গে ট্রাকের ওপরের অংশ আটকে যায়। এ সময় ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট শাহ নেওয়াজ তাঁকে গাড়ি থেকে নামতে বলেন। তিনি গাড়িটি সড়কের পাশে থামিয়ে কাছে গেলে কাগজপত্র দেখতে চান। আগের একটি মামলার কারণে কাগজপত্র পুলিশের কাছে রয়েছে এবং মামলার স্লিপ আছে জানালে সার্জেন্ট তাঁর কাছে পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে সার্জেন্ট তাঁকে চড়থাপ্পড় মারেন এবং গাড়িটি টার্মিনালসংলগ্ন পুলিশ বক্সের কাছে নিয়ে যেতে বলেন। সেখানে তাঁকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন।
পুলিশ সুপার সালমা বেগম বলেন, ওই সার্জেন্টকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এএসপি সার্কেলকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটিও করা হয়েছে।